নেত্রকোনায় হত্যা মামলায় তিনজনকে মৃত্যুদণ্ড ও ১৯ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। ২৪ জুলাই বেলা সাড়ে ১১টার দিকে জেলা ও দায়রা জজ কে এম রাশেদুজ্জামান রাজা এ রায় দেন। মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন-ওসমান গণি, তাহের ও কাওসার আহমেদ। তারা সংঘবদ্ধ ডাকাতদলের সদস্য। যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্তরা হলেন-শহীদ মিয়া, জ্যোতি, মহিবুর ডাক্তার, রমজান মিয়া, সিদ্দিক, মনো মিয়া, ইসলাম উদ্দিন, শাহজাহান, কবির, রইছ আলী, জিয়াউল হক, শফিক, দিদার, খলিল, আক্কাস, হীরা, কাইল্লা ওরফে অস্তার আলী, শুক্কুর ও রইক্কা ওরফে রহিম। রাষ্ট্রপক্ষের আইনজীবী ভারপ্রাপ্ত পিপি সাঈফুল আলম প্রদীপ জানান, সাজাপ্রাপ্তরা সিলেট, সুনামগঞ্জ ও খালিয়াজুরীসহ বিভিন্ন এলাকার বাসিন্দা।
মামলার বিবরণ সম্পর্কে তিনি জানান, ২০১১ সালের ৪ সেপ্টেম্বর গভীররাতে ওই ২২ জন নেত্রকোনা জেলার খালিয়াজুরী উপজেলার গোয়ালবাড়ি গ্রামে ডাকাতি করতে যান। ওই সময় বাড়িঘরে ডাকাতির একপর্যায়ে গ্রামবাসী একত্রিত হয়ে ডাকাতদলটিকে চারদিক থেকে ঘিরে ফেলে। পরিস্থিতি মোকাবেলায় ডাকাতরা তখন গ্রামবাসীকে লক্ষ্য করে গুলি ছুড়লে ওই গ্রামের চয়ন সরকার ঘটনাস্থলেই নিহত হন।
এ ঘটনায় নিহত চয়নের বাবা মনোরঞ্জন সরকার রাতেই খালিয়াজুরী থানায় হত্যা ও ডাকাতির অভিযোগে মামলা করেন। মামলার তিন বছরের মাথায় ২৪ জানুযারি তদন্তকারী কর্মকর্তা ২২ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেন। পরে ১৪ জনের সাক্ষ্যগ্রহণ ও নথি পর্যালোচনা শেষে অভিযোগ প্রমাণ হওয়ায় মঙ্গলবার এ রায় দেন বিচারক।




