৩১ জুলাইয়ের মধ্যে জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতির মামলার আপিল নিষ্পত্তির আদেশ রিভিউ (পুন:বিবেচনা) চেয়ে খালেদা জিয়ার করা আবেদনের ওপর শুনানি শেষ হয়েছে। এ বিষয়ে আদেশের জন্য আগামী ১২ জুলাই বৃহস্পতিবার দিন ঠিক করেছেন আপিল বিভাগ। ৯ জুলাই প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বে চার বিচারপতির আপিল বিভাগ এ দিন ঠিক করেন। আদালতে খালেদা জিয়ার পক্ষে ব্যারিস্টার মওদুদ আহমদ, এ জে মোহাম্মদ আলী ও জয়নুল আবেদীন শুনানি করেন। রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম ও দুর্নীতি দমন কমিশনের পক্ষে ছিলেন আইনজীবী খুরশীদ আলম খান। জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় পাঁচ বছরের দণ্ডের বিরুদ্ধে হাইকোর্টে আপিল দায়ের করেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। একই সঙ্গে তিনি জামিনের আবেদন করেন। গত ১২ মার্চ হাইকোর্ট তাকে চার মাসের জামিন দেন। এর বিরুদ্ধে দুদক ও রাষ্ট্রপক্ষের আপিল করলে গত ১৬ মে তা বহাল রেখে ৩১ জুলাইয়ের মধ্যে আপিল নিষ্পত্তির নির্দেশ দিয়েছিলেন আপিল বিভাগ। পরে আপিল বিভাগের আদেশের পুন:বিবেচনা (রিভিউ) আবেদন করেন খালেদা জিয়া। আজ এ আবেদনের শুনানি শেষে বৃহস্পতিবার আদেশের জন্য রাখেন সর্বোচ্চ আদালত।



