শনিবার, আগস্ট ১৫, ২০২৬
প্রচ্ছদটপযখনই প্রতিবাদ করতে যাই, তখনই মামলার খড়গ নেমে আসে

যখনই প্রতিবাদ করতে যাই, তখনই মামলার খড়গ নেমে আসে

আমরা যখনই প্রতিবাদ করতে যাই, তখনই আমাদের ওপর মামলার খড়গ নেমে আসে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার সকালে জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে ঢাকা বিশ্ববিদ্যালয় সিনেটে রেজিস্টার্ড গ্র্যাজুয়েটদের ২৫ জন প্রতিনিধি নির্বাচনে জাতীয়তাবাদী প্যানেলের পরিচিতি অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

মির্জা ফখরুল বলেন, দেশের বিচার বিভাগের স্বাধীনতা নিয়ে আমরা বহু কথা বলেছি। সংসদে আইনও পাস করা হয়েছে। কিন্তু সেই বিচার বিভাগের স্বাধীনতা আবারো প্রশাসনের ওপর গিয়ে পড়লো। কোনভাবেই একে মুক্ত করা গেলো না। দুর্ভাগ্য প্রধান বিচারপতি যখন মুক্তির চেষ্টা করেছেন তখন তাকে পদ হারাতে হলো, পরবর্তীতে দেশত্যাগ করতে হয়েছে। আর আমরা কথা বলতে যাবো, প্রতিবাদ করলে নেমে আসে মামলার খড়গ।

বিএনপি মহাসচিব বলেন, বর্তমান সরকারের অধীনে নির্বাচনের বেশির ভাগেই ফলাফল শূন্য। তারপরও আমরা গণতান্ত্রিক আন্দোলনের অংশ হিসেবে নির্বাচন করে যেতে চাই। কারণ আমাদের একটি মাত্র পথ সেটি হচ্ছে গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচনের মাধ্যমে সকল সত্যকে ফিরিয়ে আনা।

তিনি বলেন, অধিকার আদায় ও অধিকার রক্ষায় সূতিকাগার খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয় এখন পুরোপুরিভাবে একদলীয় চিন্তাভাবনার জায়গা হয়ে দাঁড়িয়েছে। তাই আপনারা যারা নির্বাচন করছেন তাদেরকে বলছি, ফলাফল কী হবে জানি না। জয় পরাজয় লক্ষ্য হবে না তারচেয়ে বড় লক্ষ্য হবে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকেই মানুষের অধিকার রক্ষার লড়াইকে এগিয়ে নিয়ে যাওয়া।

অনুষ্ঠানে নির্বাচন পরিচালনা কমিটির যুগ্ম আহ্বায়ক ও ঢাকা বিশ্ববিদ্যালয় সাদা দলের আহ্বায়ক প্রফেসর আক্তার আহমেদ খানের পরিচালনায় এবং বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক শহীদুল ইসলাম বাবুলের সঞ্চালনায় উপস্থিত ছিলেন নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক ও বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান, ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) সভাপতি প্রফেসর এ কে এম আজিজুল হক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর মামুন আহমেদ, প্রফেসর ওবায়দুল ইসলাম, সাংবাদিক মাহফুজ উল্লাহ প্রমুখ।

আরও পড়ুন

সর্বশেষ