দক্ষিণ চট্টগ্রামের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান পটিয়া আবদুর রহমান সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠার দীর্ঘ ৬০ বছর পর প্রথম হীরক জয়ন্তী পুণর্মিলনী উৎসব আয়োজন করা হয়েছে। ফিরে চলি শৈশবে মেতে উঠি উৎসবে’ স্লোগানে বিদ্যালয়ের প্রাক্তন ছাত্রীদের নিয়ে গঠিত পুণর্মিলনী উৎসব ২০১৭ আয়োজক কমিটির উদ্যোগে আয়োজিত হীরক জয়ন্তী পুণর্মিলনী উৎসব উপলক্ষ্যে নেয়া হয়েছে ব্যাপক কর্মসূচী।
কর্মসূচীতে প্রাক্তন ছাত্রীদের অংশগ্রহনে এবং অতিথিদের নিয়ে জাতীয় পতাকা উত্তোলন, ধর্মীয় গ্রন্থ পাঠ, শোক প্রস্তাব, উদ্বোধনী সঙ্গীত, আলোচনা সভা, স্মৃতি চারন, মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান রয়েছে। সাংস্কৃতিক অনুষ্ঠানে টিভি ও বেতার শিল্পী সন্দীপন দাশ, অজয় চক্রবর্তী, রূপনা চৌধুরী, প্রিয়াংকা দাশ ও ইলমা বখতিয়ার সঙ্গীত পরিবেশন করবেন। আগামী ৮ সেপ্টেম্বর শুক্রবার সকাল ৯টা থেকে দিনব্যাপী এ অনুষ্ঠান আবদুর রহমান সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হবে।
আয়োজকরা জানিয়েছেন, হীরক জয়নী প্রাক্তন ছাত্রীদের পুণর্মিলনী উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভায় উদ্বোধক থাকবেন চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর শাহেদা ইসলাম। প্রধান অতিথি থাকবেন পটিয়া আসনের সংসদ সদস্য সামশুল হক চৌধুরী, বিশেষ অতিথি থাকবেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বোর্ডের চট্টগ্রাম অঞ্চলের উপ-পরিচালক মোহাম্মদ আজিজ উদ্দীন, পটিয়া উপজেলা চেয়ারম্যান অধ্যাপক মুজাফফর আহমদ চৌধুরী টিপু, পৌরমেয়র অধ্যাপক মোজাফফর আহমদ চৌধুরী টিপু, উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুল্লাহ আল মামুন, বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মিলন কান্তি দাশ, পটিয়া থানার ওসি শেখ মুহাম্মদ নেয়ামত উল্লাহ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন পুণর্মিলনী উৎসব আয়োজক কমিটির আহবায়ক ফাতেমা বেগম। অনুষ্ঠান আয়োজন জন্য ইতিমধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। বিদ্যালয়ে ৮৬৮ প্রাক্তন শিক্ষার্থী অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য রেজিষ্ট্রেশন সম্পন্ন করেছেন। আয়োজক কমিটির সদস্য সচিব বেগম নুরজাহান জানান, বিদ্যালয়টি প্রতিষ্ঠার ৬০ বছর পর হওয়ার পর প্রথম হীরক জয়ন্তী পুণর্মিলনী উৎসব আয়োজন করা হয়েছে। জীবনের মূল্যবান অধ্যায় ছাত্রজীবন যার অনেকটা সময় আমরা এ বিদ্যালয়ে কাটিয়েছি। সময়ের স্রোতে আমরা এ বিদ্যালয়ের গন্ডি ফেরিয়ে এসেছি। কিন্তু সেই স্মৃতি আমাদের মনে গেঁথে রয়েছে। তাই সেই মূল্যবান স্মৃতি চারনের উদ্দেশ্যে আমরা প্রাক্তন শিক্ষার্থীরা এ উৎসবের উদ্যোগ নিয়েছি। এ অনুষ্ঠানকে সফল করতে সকলের উপস্থিতি এবং সহযোগিতা কামনা করেছেন তিনি।




