চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় নির্মাণাধীন ভবনে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। বুধবার সকালে উপজেলার বড় কুমিরা এলাকায় এ ঘটনা ঘটে। নিহতরা হলেন- নোয়াখালী জেলার কোম্পানিগঞ্জের চর পার্বতী এলাকার মো. দুলালের ছেলে মোহাম্মদ শিমুল (১৮) ও সুনামগঞ্জের মঙ্গল আলীর ছেলে মোহাম্মদ শহীদ।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই আলাউদ্দিন জানান, একটি নির্মাণাধীন ভবনের উপরে লোহা তোলার সময় তারে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিন শ্রমিক আহত হন। তাদের হাসপাতালে নেয়া হলে সকাল ১০টার দিকে দুইজনকে চিকিৎসক মৃত ঘোষণা করেন। লাশ ওই হাসপাতাল মর্গে রাখা হয়েছে বলে জানান এএসআই।




