নগরীর আউটার স্টেডিয়ামে চট্টগ্রাম সিটি করপোরেশনের নির্মাণাধীন সুইমিং পুল ঘেরাও করতে গিয়ে পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়েছেন নগর ছাত্রলীগের নেতাকর্মীরা। এসময় পুলিশের বাধা উপেক্ষা করে আউটার স্টেডিয়ামের ভেতরে ঢুকে পড়েন ছাত্রলীগের নেতাকর্মীরা। তারা টিনের বেস্টনী উপড়ে নির্মাণসামগ্রী ভাংচুর করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কয়েক রাউণ্ড টিয়ার শেল নিক্ষেপ করে। ছাত্রলীগের নেতাকর্মীরাও পুলিশকে লক্ষ্য করে ইট, পাটকেল নিক্ষেপ করতে থাকে। এছাড়া কাজির দেউড়ি থেকে আসকার দীঘির পাড়ের দিকে সড়কে পুলিশ টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করছে। ১৮ এপ্রিল বিকেল সাড়ে চারটার দিকে এই ঘটনার পর পুলিশ ও ছাত্রলীগের নেতাকর্মীদের মধ্যে থেমে থেমে ধাওয়া পাল্টা ধাওয়া চলছে। সংঘাতের পর ওই এলাকায় ব্যাপক আতংক বিরাজ করছে। আতংকে আশপাশের এলাকায় দোকানপাটসহ সব ধরনের ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ হয়ে গেছে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, পুলিশের দুজন সদস্য গুরুতর আহত হয়েছেন। এদের একজনের পায়ে গুলি এবং আরেকজনের মাথায় ইটের আঘাত লেগেছে। ছাত্রলীগের বেশ কয়েকজন নেতাকর্মীও পুলিশের পিটুনিতে আহত হয়েছেন। বাধা পেয়ে ছাত্রলীগের নেতাকর্মীরা বেশ কয়েকটি যানবাহন ভাংচুর করেছে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। এর আগে পুলিশের অবস্থানের কারণে সুইমিং পুল নির্মাণ এলাকায় প্রবেশ করতে না পেরে সড়কের ওপর অবস্থান নিয়ে যান চলাচল বন্ধ করে দেয় ছাত্রলীগ নেতাকর্মীরা। ফলে কাজির দেউড়ি থেকে লাভলেইন সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। গত ১৬ এপ্রিল খেলার মাঠ দখল করে সুইমিং পুল নির্মাণ বন্ধ করতে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দিয়ে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেয় নগর ছাত্রলীগ।




