বঙ্গোপসাগর উত্তাল থাকায় মাঝসমুদ্রে যাত্রা বাতিল করেছেন ভূমি প্রতিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ। ৩০ মার্চ বেলা ১১টার দিকে ঠেংগার চরের উদ্দেশ্যে পতেঙ্গা বোট ক্লাব ঘাট থেকে ‘মেটাল শার্ক’ বোটে যাত্রা শুরু করেন মন্ত্রী। ১৫ মিনিটে চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরের কাছাকাছি যাওয়ার পর বোট ফেরত আনা হয়। এরপর বোটক্লাবে সাংবাদিকদের প্রতিমন্ত্রী বলেন, ৩ নম্বর সংকেত থাকায় সাগর উত্তাল। আমাদের আন্তরিকতার কোনো অভাব নেই, ঘাটতি নেই। আজ হয়তো যেতে পারিনি, আরেকদিন যাব। সীমানা নিয়ে দীর্ঘদিনের সমস্যা নিরসনে আমরা চেষ্টা করছি। আমাদের সরেজমিন দেখে, জরিপ করে সিদ্ধান্ত নিতে হবে। যাতে সবার জন্য সুন্দর হয়।
রোহিঙ্গাদের পুনর্বাসন প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, এটি সারকিউমাসটেন্সিয়াল বিষয়। জিওপলিটিক্যাল বিষয়। রোহিঙ্গাদের বিষয়টি টেম্পরারি। তাদের সম্পর্কে পূর্ব অভিজ্ঞতা ভালো নয়। তারপরও মানবিক দিক বিবেচনা করা হবে।
জরিপ প্রসঙ্গে তিনি বলেন, আমরা যাওয়ার উদ্দেশ্য অনেক ছিল। জরিপের কাজ সহসা করতে চাই। দেখা, অ্যাসেস, জরিপের পরই সিদ্ধান্ত। জনগণকে সমস্যা থেকে মুক্তি দিতে কাজ করছি আমরা। কে সাইনবোর্ড দিচ্ছে সেটি বিবেচ্য নয়। আমরা প্র্যাকটিকেল দেখে রিয়েলিটি সমর্থন করব। জরিপ ছাড়া কী পরিমাণ ভূমি আছে বলা কঠিন। চর নিয়ে সরকারের পরিকল্পনা জানতে চাইলে তিনি বলেন, ম্যানগ্রোভ ফরেস্ট সৃজন, সোলার এনার্জিসহ অনেক সুযোগ আছে। কর্ণফুলী দখলের ব্যাপারে জিরো টলারেন্স উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, মামলা মোকদ্দমা চলছে। সময় লাগছে। জেলা প্রশাসক কাজ করছেন এ ব্যাপারে।




