চট্টগ্রাম জেলা পরিষদের নির্বাচনে ১৪ সদস্যের ভাগ্য নির্ধারণ করবে ২ হাজার ৫৪১ ভোটার। জেলা পরিষদের নির্ধারিত ১৫টি সাধারণ ও ৫টি সংরক্ষিত ওয়ার্ডে ২৮ ডিসেম্বর ১৫টি কেন্দ্রে এ নির্বাচন অনুষ্ঠিত হবে। চট্টগ্রাম জেলা ও উপজেলায় স্থাপিত ১৫টি কেন্দ্রের ৩০টি বুথে বুধবার সকাল ৯টা থেকে বেলা ২টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে। স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অধীভূক্ত সিটি করপোরেশনের মেয়র ও কাউন্সিলর, উপজেলা পরিষদের চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, পৌরসভার মেয়র ও কাউন্সিলর, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্যরা এ নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করবেন।
নির্বাচনে চেয়ারম্যান পদে ইতোমধ্যে কোন প্রতিদ্বন্দ্বী না থাকায় উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক প্রশাসক মো. আবদুস সালাম এবং সাধারণ সদস্য পদে ৪ জন ও সংরক্ষিত (মহিলা) সদস্য পদে ২ জন বিনা প্রতিদ্বন্দীতায় নির্বাচিত হয়েছেন। বাকি ১৪ সদস্য পদে এ নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনে সাধারণ সদস্য পদে ৪৩ জন, সংরক্ষিত (মহিলা) সদস্য পদে ১০ জন প্রতিদ্বন্দ্বীতা করছেন।
এদিকে, চট্টগ্রামসহ সারাদেশে একযোগে অনুষ্ঠিত জেলা পরিষদ নির্বাচন ব্যাপক উৎসাহ-উদ্দীপনায় অনুষ্ঠিত হতে চলেছে। সুষ্ঠু নির্বাচনের স্বার্থে স্থানীয় সংসদ সদস্যদের নির্বাচনী এলাকা ছাড়ার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন।
ইতোমধ্যে সকল কেন্দ্রে ব্যালট পেপারসহ নির্বাচনী সকল সামগ্রী পৌঁছে গেছে জানিয়ে জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার সামসুল আরেফিন বলেন, চট্টগ্রাম জেলা পরিষদ নির্বাচন সুষ্ঠুভাবে সম্পাদনে নির্ধারিত ১৫টি কেন্দ্রে সকল নির্বাচনী সামগ্রী পাঠিয়ে দেওয়া হয়েছে। সুষ্ঠুভাবে নির্বাচন সম্পাদনের লক্ষে র্যাব-পুলিশের পাশাপাশি ১৯ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করবে। নির্বাচনের যাবতীয় সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে বলেও জানান তিনি।




