দেশের বরেণ্য আলেমে দ্বীন, ইসলামি ফাউন্ডেশনের গভর্নর এবং ষোলশহর জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ জালালুদ্দিন আল কাদেরীর জানাজার নামাজ অনুষ্ঠিত হয়েছে। সোমবার বাদ যোহর নগরীর জমিয়াতুল ফালাহ জামে মসজিদ মাঠে অনুষ্ঠিত জানাযার নামাজে ইমামতি করেন জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলীয়া মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ আল্লামা হাফেজ মোহাম্মদ সোলাইমান আনসারী।
এর আগে রোববার সকাল ১০টায় ঢাকা মোহাম্মদপুর কাদেরিয়া তৈয়বিয়া মাদ্রামা মাঠে প্রথম এবং বাদে আছর জাতীয় ঈদগাহ ময়দানে জানাযার নামাজ অনুষ্ঠিত হয়। সোমবার বাদ আছর জামেয়া আহমদিয়া সুন্নিয়া মাদ্রাসা মাঠে চতুর্থ জানাযার জামান অনুষ্ঠিত হবে। প্রখ্যাত এই আলেমের জানাযার নামাজে আওয়ামী লীগের কেন্দ্রিয় উপদেষ্টা মণ্ডলীর সদস্য ইছহাক মিয়া, নগর আওয়ামী লীগের সভাপতি ও সাবেক মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরী, সাবেক মেয়র এম মনজুর আলম, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ইফতেখার উদ্দিন চৌধুরী, পিএইচপি পরিবারের চেয়ারম্যান সুফি মুহাম্মদ মিজানুর রহমান, চট্টগ্রাম জেলা প্রশাসক শামসুল আরেফিন, সাবেক মেয়র মাহমুদুল ইসলাম, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান আবদুচ ছালাম, নগর বিএনপির সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্করসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, প্রশাসনের ব্যক্তিবর্গ অংশ নিয়েছেন।
গত শনিবার রাত দশটায় ঢাকার বারডেম হাসপাতালে ইন্তেকাল করেন আল্লাম জালালুদ্দিন আল কাদেরি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৭ বছর। তিনি স্ত্রী, দুই পুত্র ও পাঁচ কন্যা সন্তানসহ অসংখ্য আত্মীয়স্বজন, গুণগ্রাহী রেখে গেছেন। আন্তর্জাতিক শাহাদাতে কারবালা মাহফিল প্রতিষ্ঠাতার মাধ্যমে তিনি আহলে সুন্নত ওয়াল জামাতের আকিদা ও আহলে বায়তে রাসুলের প্রতি প্রকৃত ভালবাসা প্রদর্শনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। এছাড়া তিনি দেশে ও বিদেশে বরেণ্য আলেম হিসেবে জনপ্রিয় ছিলেন।




