ভারতের ভিশাখাপতনম বন্দরে একটি খালি কন্টেইনার থেকে বাংলাদেশি এক যুবককে উদ্ধারের ঘটনায় চার সদস্যের একটি কমিটি গঠন করেছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। শুক্রবার সকালে অনুষ্ঠিত এক জরুরি বৈঠকে এ কমিটি গঠন করা হয়েছে বলে জানিয়েছেন চট্টগ্রাম বন্দরের সদস্য (প্রশাসন ও পরিকল্পনা) মো.জাফর আলম। তিনি বলেন, বন্দরের পরিচালক পরিবহন গোলাম সরওয়ারকে আহ্বায়ক করে চার সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটি ঘটনার কারণ অনুসন্ধান ও দায়ীদের সনাক্ত করবে। তদন্তের কাজ সম্পন্ন করে দ্রুত সময়ের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে। কমিটির বাকি তিন সদস্য হলেন- টার্মিনাল ম্যানেজার মো.সরওয়ার, উপ-পরিচালক (নিরাপত্তা) লে.কমান্ডার মো.নিজাম উদ্দিন ও হারবার মাস্টার ক্যাপ্টেন জহির।
১২ দিন আগে চট্টগ্রাম বন্দর ছেড়ে যাওয়া সিনার বাটাম জাহাজের একটি খালি কন্টেইনারে রোহান নামে ওই যুবক ঢুকে পড়ে বলে ভারতীয় বিভিন্ন গণমাধ্যমে বুধ ও বৃহস্পতিবার খবর প্রকাশ হয়েছে। এর সূত্র ধরে বৃহস্পতি ও শুক্রবার দেশের গণমাধ্যমে খবর প্রকাশিত হয়। এর পরিপ্রেক্ষিতে শুক্রবার জরুরি বৈঠকে বসে তদন্ত কমিটি গঠন করে বন্দর কর্তৃপক্ষ। বন্দর কর্মকর্তারা এ বিষয়ে কোন কথা না বললেও শিপিং এজেন্ট অ্যাসোসিয়েশন ও বিকডার নেতাদের অভিযোগ বন্দরের নিরাপত্তা ও পরিবহন বিভাগের গাফিলতির কারণে এ ধরণের ঘটনা ঘটেছে। তবে জাহাজে পণ্য ওঠানো-নামানোর কাজে নিয়োজিত স্টিভিডোর প্রতিষ্ঠানও এ জন্য দায়ী বলে মনে করছেন সংশ্লিষ্টরা। সিনার বাটাম নামে জাহাজ গত ৭ অক্টোবর এনসিটির ২ নম্বর জেটি থেকে ছেড়ে যায়।




