সোমবার, অক্টোবর ২৬, ২০২৬
প্রচ্ছদজাতীয়হাসনাত-তাহমিদ ৫৪ ধারায় গ্রেফতার, দশদিনের রিমান্ডের আবেদন

হাসনাত-তাহমিদ ৫৪ ধারায় গ্রেফতার, দশদিনের রিমান্ডের আবেদন

নর্থ-সাউথ বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক হাসনাত করিম ও কানাডা প্রবাসী শিক্ষার্থী তাহমিদ হাসিব খানকে ৫৪ ধারায় গ্রেফতার করেছে পুলিশ। গুলশানের হলি আর্টিজান রেস্তোরাঁয় জঙ্গি হামলার ঘট্নায় সন্দেহভাজন হিসেবে তাদের গ্রেফতার দেখানো হয়। ঢাকা মহানগর পুলিশের উপ-কমিশনার (মিডিয়া) মাসুদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বুধবার রাতে গুলশান ও বারিধারা এলাকা থেকে হাসনাত ও তাহমিদকে আটক করা হয়। পরে তাদের ৫৪ ধারায় গ্রেফতার (শ্যোন অ্যারেস্ট)  দেখানো হয়েছে। ডিএমপির এই পুলিশ কর্মকর্তা আরও বলেন, গুলশানের ঘটনায় তাদের জিজ্ঞাসাবাদের জন্য আদালতে পাঠিয়ে ১০ দিনের রিমান্ড চাওয়া হয়েছে। ঢাকা মহানগর হাকিম নুরুন্নাহার ইয়াসমিনের আদালতে এ রিমান্ড আবেদন করা হয়েছে। বিকালে এ আবেদনের বিষয় শুনানি হতে পারে।

গত ১ জুলাই গুলশানের হলি আর্টিজান রেস্তোরাঁয় জঙ্গি হামলার পর জিম্মিদশা থেকে মুক্তি পায় হাসনাত করিম। এরপর থেকে এ ঘটনায় তার সম্পৃক্ততার বিষয়ে নানা অভিযোগ উঠে। এই পরিপ্রেক্ষিতে নর্থ-সাউথ বিশ্ববিদ্যালয়ের সাবেক এই শিক্ষককে আইনশৃংখলা বাহিনীর নজরদারিতে রাখা হয় বলে পুলিশ জানায়।

এদিকে হাসনাত করিম জিম্মিদশা থেকে মুক্তি পাওয়ার পর তাকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়নি বলে তার পরিবার দাবি করে আসছিল। অবশেষে পুলিশ তাকে ৫৪ ধারায় গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানোর খবর জানালো। প্রসঙ্গত, গুলশানের হলি আর্টিজান রেস্তোরাঁয় জঙ্গি হামলায় দুই পুলিশ কর্মকর্তা ছাড়াও ২০ জন নিহত হয়। নিহতদের মধ্যে ১৭ জন বিদেশী ও ৩ জন বাংলাদেশী। এছাড়া এ হামলায় ৬ জঙ্গি নিহত হয়।

আরও পড়ুন

সর্বশেষ