নগরীর জিইসি মোড়ে সেন্ট্রাল প্লাজা মার্কেটের চারতলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার সকাল সাড়ে আটটার দিকে আগুন লাগে। ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের আগ্রাবাদ স্টেশনের অপারেটর মো. শাহীদুর রহমান জানান, সকাল সাড়ে আটটার দিকে সেন্ট্রাল প্লাজা মার্কেটে আগুন লাগার খবর পাই। খবর পেয়ে আগ্রাবাদ ও চন্দনপুরা স্টেশনের চারটি গাড়ি ঘটনাস্থলে গিয়েছে। ঘটনাস্থলে থাকা ফায়ার সার্ভিসের আগ্রাবাদ স্টেশনের সহকারী পরিচালক মোহাম্মদ ইয়াহিয়া বলেন, মার্কেটের চারতলায় থাকা গোডাউন, অনেক এসি, সিলিং ফ্যান আগুনে পুড়ে গেছে। তবে আগুন এখন নিয়ন্ত্রণে আছে। কিন্তু কালো ধোঁয়া ছড়িয়ে পড়েছে যে কারণে উদ্ধার তৎপরতা চালাতে আমাদের একটু সমস্যা হচ্ছে। তবে কী কারণে আগুনের সূত্রপাত হয়েছে তা এখনও জানা যায়নি বলে জানান তিনি।



