নগরীর বায়েজিদ থানার ষোলশহর দুই নম্বর গেট এলাকায় তেলবাহী ট্রেনের ধাক্কায় একটি বাস চুরমার হয়ে গেছে। এতে বিবি মরিয়ম (৩৫) ও অজ্ঞাত পরিচয়ের এক নারী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও চারজন। তেলবাহী ট্রেনটি বটতলী স্টেশন থেকে ছেড়ে আসছিল। অন্যদিকে বিআরটিসি বাসটি অক্সিজেন থেকে শহরের দিকে আসছিল। সোমবার সকাল ১১টা ১০ মিনিটের দিকে এ দুর্ঘটনা ঘটে। আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের ক্যাজুয়ালিটি ও ২৬ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।
চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির নায়েক মোহাম্মদ হামিদ জানান, দুই নম্বর গেট এলাকায় তেলবাহী ট্রেনের ধাক্কায় একটি বাস চুরমার হয়ে গেছে। দুর্ঘটনায় আহত ছয়জনকে চমেক হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর মধ্যে দুইজনকে চিকিৎসক মৃত ঘোষণা করেছেন। জিআরপি থানার ওসি হিমাংশু দাশ রানা জানান, ইঞ্জিন বাদে আটটি ওয়াগনের ওই ট্রেনটি রেল ক্রসিং পার হওয়ার জন্যে সিগনাল দেওয়ার আগেই বিআরটিসি বাসটি রেললাইনের ওপর চলে যায়। কিন্তু সামনে যানজট থাকায় আর এগোতে পারেনি। ফলে দুর্ঘটনা ঘটে। দুপুর ১২টায় তিনি জানান, দুর্ঘটনা কবলিত বাসটি রাস্তার ওপর থেকে সরিয়ে নেওয়া হয়েছে এবং পিডিবি শাটলটিও কিছুক্ষণের মধ্যে ছেড়ে যেতে পারে।
এর আগে গত ২২ এপ্রিল হাটহাজারী বিদ্যুৎ কেন্দ্রে ফার্নেস অয়েল দিয়ে ফেরার পথে নগরীর ষোলশহর রেলওয়ে স্টেশনের অদূরে পিলখানা রোডে লাইনচ্যুত হয়েছিল। রেল কর্মকর্তাদের মতে, দ্রুতগতিতে আসার সময় হঠাৎ ব্রেকের কারণে ইঞ্জিনের পেছনের ৭ নম্বর তেলের ওয়াগনটির পেছনের চারটি চাকা লাইনচ্যুত হয়। এর ফলে ৭ ও ৮ নম্বর ওয়াগন এবং গার্ড ব্রেক (সিকিউরিটি বগি) রেখেই বাকি ছয়টি ওয়াগন নিয়ে ট্রেনটি চট্টগ্রামে রেল স্টেশনে ফিরতে হয়। পরে উদ্ধারকারী ট্রেন এসে লাইনচ্যুত ওয়াগন উদ্ধার করেছিল।




