রবিবার, আগস্ট ১৬, ২০২৬
প্রচ্ছদরাজনীতিখালেদা জিয়া যদি রাজপথে নামে ক্ষমতাসীনদের অস্তিত্ব বিপন্ন হবে

খালেদা জিয়া যদি রাজপথে নামে ক্ষমতাসীনদের অস্তিত্ব বিপন্ন হবে

খালেদা জিয়ার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা পরিহাস ছাড়া কিছুই নয় বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সোমবার জাতীয়তাবাদী কৃষক দলের প্রতিনিধি সম্মেলনে তিনি এই মন্তব্য করেন। মির্জা ফখরুল বলেন, খালেদা জিয়া ৭১ সালে মহান মুক্তিযুদ্ধে কারাগারে ছিলেন-বন্দি ছিলেন। নয় বছর গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছিলেন। তিনি বাংলাদেশের তিনবারের প্রধানমন্ত্রী; কোন নির্বাচনে হারেন নি। রাজনৈতিক প্রতিহিংসার কারণেই তার বিরুদ্ধে মামলা দেয়া হয়েছে। বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মনে করেন, খালেদা জিয়া যদি রাজপথে নামে তাহলে ক্ষমতাসীনদের অস্তিত্ব বিপন্ন হবে। তাই তারা তাকে রাজনীতি থেকে দূরে সরাতে চায়- এটা দেশের জনগণ মানবে না বলেও মন্তব্য করেন তিনি।

জঙ্গিবাদ প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, জঙ্গিবাদ ঠেকাতে হলে জনগণের ঐক্য থাকা দরকার। সেই ঐক্য হতে হবে বিরোধী দলকে সঙ্গে নিয়ে। তিনি বলেন, বিএনপি একটি উদার গণতান্ত্রিক দল। এখানে কোন উগ্রবাদ-জঙ্গিবাদ ও সাম্প্রদায়িকতার স্থান নেই। তিনি বলেন, আমরা কঠিন সময় অতিক্রম করছি, দুঃসময় অতিক্রম করছি- যা অতীতে দেশের মানুষ দেখেনি। ব্রিটিশ শাসন দেখেছি, পাকিস্তানের ভয়ঙ্কর শাসন দেখেছি; স্বাধীনতা পরবর্তী সময়ে স্বৈরাচারী শাসন দেখেছি। বর্তমান শাসন ব্যবস্থা আমরা কল্পণাও করেনি। এখানে সকল কিছু চলছে স্বৈরাচারের ইচ্ছা অনুযায়ী। সরকারের কর্মকর্তাদের মুখে শুনতে হয় কীভাবে চলতে হবে, রাজনীতিবিদদের কীভাবে চলতে হবে। কৃষকদের দূরাবস্থা প্রসঙ্গে তিনি বলেন, কৃষকরা তাদের পেশা ছেড়ে দিচ্ছে, তারা বলছে এটা তাদের লাভজনক হচ্ছে না। তাই আমি বলবো, আমাদের অধিকার আমাদের আদায় করতে হবে। ইউরোপ-আমেরিকা এসে আমাদের অধিকার আদায় করে দেবে না। কৃষক দলের সাধারণ সম্পাদক ও চেয়ারপার্সনের উপদেষ্টা শামছুজ্জামান দুদুর সভাপতিত্বে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে এই প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হয়। বিভিন্ন জেলা থেকে কৃষক দলের প্রতিনিধিরা এ সম্মেলনে যোগ দেন।

আরও পড়ুন

সর্বশেষ