অর্থ পাচার মামলায় অভিযোগ গঠনের বিরুদ্ধে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেনের করা একটি আবেদন উত্থাপিত হয়নি মর্মে খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। ২০ জানুয়ারি বিচারপতি মো. রুহুল কুদ্দুস ও বিচারপতি মাহমুদুল হকের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। আদালতে দুর্নীতি দমন কমিশনের পক্ষে শুনানি করেন আইনজীব খুরশীদ আলম খান। যুক্তরাজ্যে মোট ৯ কোটি ৫৩ লাখ ৯৫ হাজার ৩৮১ টাকা পাচারের অভিযোগে ২০১৪ সালের ৬ ফেব্রুয়ারি দুদকের পরিচালক নাসিম আনোয়ার বাদী হয়ে রাজধানীর রমনা মডেল থানায় মামলাটি দায়ের করেন। এজাহারে উল্লেখ রয়েছে, খন্দকার মোশাররফ ২০০১ সাল থেকে ২০০৬ সাল পর্যন্ত দুর্নীতি ও মানিলন্ডারিংয়ের মাধ্যমে যুক্তরাজ্যের Lloyds TSB Offshore Private Bank- এ তার নিজের ও স্ত্রী বিলকিস আক্তারের যৌথ নামে ৮ লাখ ৪ হাজার ১৪২ ব্রিটিশ পাউন্ড পাচার করেন। যা বাংলাদেশি টাকায় ৯ কোটি ৫৩ লাখ ৯৫ হাজার ৩৮১ টাকা। এ টাকা তিনি বিভিন্ন সময় ১০৮৪৯২ নম্বরে ফিক্সড টার্ম ডিপোজিট হিসেবে জমা করেন। দুদকের অনুসন্ধানে মুদ্রা নিয়ন্ত্রণ আইন লঙ্ঘিত হওয়ায় মানিলন্ডারিং প্রতিরোধ আইন ২০০২ এর ১৩ ধারা এবং ২০০৯ ও ২০১২ এর চার ধারায় মানিলন্ডারিংয়ের মামলা দায়ের করা হয় বিএনপির হেভিওয়েট এ নেতার বিরুদ্ধে। ২০১৪ সালের ১২ মার্চ রাত সাড়ে ১০টায় খন্দকার মোশাররফকে গুলশানে তার নিজ বাসা থেকে আটক করে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। এ মামলায় গত ১০ জানুয়ারি আপিল বিভাগ থেকে জামিন পাওয়ার পর ১৩ জানুয়ারি মুক্তি পান তিনি। এ মামলায় গত বছরের ২৮ আগস্ট ঢাকার বিশেষ জজ আদালতের বিচারক আতাউর রহমান অভিযোগ গঠন করেন। বর্তমানে মামলাটি সাক্ষ্যগ্রহণ পর্যায়ে রয়েছে।



