রাজধানীর রায়েরবাজার এলাকার ছাবেদ আলী বস্তিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ১৮ জানুয়ারি সকাল ৯টা ৩৮মিনিটে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুনের বিষয়টি জানান, ফায়ার ইন্সপেক্টর পলাশ চন্দ্র। তিনি বলেন, আগুনের খবর পেয়ে ৭টি ইউনিট পাঠানো হয়েছে। ফায়ার কর্মীরা আগুন নেভাতে কাজ করছেন। আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছেন ফায়ার সার্ভিস কর্মীরা। প্রায় পৌনে এক ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে।
হাজারীবাগ ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আব্দুল আলিম জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়। তবে ৩টি ইউনিট কাজে লাগিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। আগুনে ১টি রিকশা গ্যারেজসহ দু’টি বসতঘর পুড়েছে। তবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি বলেও জানান ফায়ার সার্ভিসের এ কর্মকর্তা।




