প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এখন ডিজিটাল উন্নয়নের মহাসড়কে-এমন মন্তব্য করেছেন ভূমি প্রতিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, এ দেশের মানুষ আর গরিব নয়, আত্মনির্ভরশীল। ফায়ার সার্ভিস ও সিভেল ডিফেন্স সপ্তাহ উপলক্ষে শনিবার বাঁশখালী হাজিগাঁও বরুমচড়া উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে ‘ভূমিকম্প ও অগ্নিনির্বাপণ’ মহড়া ও ‘ভূমিকম্প ও অগ্নিদুর্ঘটনায় করণীয়’ শীর্ষক আলোচনা সভায় এ মন্তব্য করেন।
দেশের মানুষের দোরগোড়ায় অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা ও চিকিৎসাসেবা পৌঁছে দেওয়ার জন্য বর্তমান সরকার বদ্ধপরিকর। সরকারের সময়োপযোগী নানা পদক্ষেপের কারণে বর্তমানে বাংলাদেশ সব ধরনের দুর্যোগ মোকাবেলা এবং তৎপরবর্তী উদ্ধার তৎপরতা চালিয়ে যেতে সক্ষম।
তিনি বলেন, ভোটের মধ্যেই কেবল গণতন্ত্র সীমাবদ্ধ নয়, মানুষের মৌলিক চাহিদা নিশ্চিত করা না গেলে গণতন্ত্র নিয়ে উচ্চবাচ্য আর বক্তৃতা-বিবৃতি দিলে চলবে না। গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করতে হলে প্রয়োজন সুশিক্ষা।
বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি সাখাওয়াত জামাল দুলালের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন আনোয়ারা উপজেলা পরিষদের চেয়ারম্যান তৌহিদুল হক চৌধুরী, বাঁশখালী উপজেলা চেয়ারম্যান মুহাম্মদ জহিরুল ইসলাম, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের যুগ্মসচিব মোহাম্মদ হাবিবুল কবির চৌধুরী, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের চট্টগ্রাম বিভাগীয় উপপরিচালক সমরেন্দ্র নাথ বিশ্বাস, চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক খোরশেদুল আলম, বিদ্যালয়ের প্রধান শিক্ষক স্বপনেন্দ দে প্রমুখ।




