নগরীর সদরঘাট থানার পূর্ব মাদারবাড়ি রেলগেট এলাকায় রেলওয়ের সীমানা দেয়াল ধ্বসে দুইজনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকাল সোয়া ১০টার দিকে দুইদিনের টানা বৃষ্টিপাতের কারণে পূর্ব মাদারবাড়ি রেলগেট এলাকায় আবরার হোটেলের পাশে রেলওয়ের সীমানা দেয়ালটি ধ্বসে পড়ে। নিহতরা হলেন কুসুম আক্তার (৪০) ও সুধীর (৩৫)। নিহত কুসুম পশ্চিম মাদারবাড়ি এলাকার স্থানীয় বাসিন্দা মো. মনিরুল হকের স্ত্রী। নিহত সুধীর পূর্ব মাদারবাড়ি রেলগেট এলাকায় একটি পরিবহন সংস্থায় কাজ করেন। পারিবারিক ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, পূর্ব মাদারবাড়ি রেলগেট এলাকায় আশিকুর রহমান নামে একজন শিক্ষকের একটি কোচিং সেন্টার রয়েছে। নিহত কুসুমের ষষ্ঠ শ্রেণিতে পড়ুয়া ছেলে এ কোচিং সেন্টারে প্রাইভেট পড়তো। সকালে ছেলেকে কোচিং থেকে নিতে এসে রেলওয়ের এ সীমানা দেয়ালের পাশে অপেক্ষা করছিলেন কুসুম আক্তার। রেলওয়ের এ স্থানটিকে অনেক ব্যবসায়ীরা ইট রাখার কাজেও ব্যবহার করতেন। ফলে বৃষ্টির কারণে সীমানা দেয়াল ধ্বস ও ইটের চাপায় ঘটনাস্থলেই নিহত হন কুসুম। সুধীরকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে কর্তৃব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সদরঘাট থানার সেকেন্ড অফিসার নাসির উদ্দিন বলেন, রেলওয়ের সীমানা দেয়াল ধ্বসে একজন ঘটনাস্থলেই মারা গেছেন। স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের সাহায্যে লাশ উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। গুরুতর আহত অবস্থায় আরও একজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। ইটের স্তুপের নিচে আরও কেউ চাপা পড়েছে কিনা তা দেখতে ফায়ার সার্ভিসের উদ্ধার অভিযান অব্যাহত আছে বলে জানান তিনি। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির এএসআই পংকজ বড়ুয়া বলেন, রেলওয়ের সীমানা দেয়াল ধ্বসে গুরুতর আহত অবস্থায় একজনকে হাসপাতালে আনা হলে কর্তৃব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এদিকে ঘটনাস্থলে এরই মধ্যে উপস্থিত হয়েছেন নিহত কুসুমের স্বামী পরিবারসহ আত্মীয় স্বজনরা। পরিবার-আত্মীয় স্বজনদের আর্তনাদ আহাজারিতে ভারী হয়ে ওঠে পরিবেশ।




