রাজধানীর পল্টন থানায় দায়ের করা গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের একটি মামলায় বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীকে রিমান্ডে নেওয়ার আবেদন নামঞ্জুর করেছেন আদালত। একইসঙ্গে তার জামিনের আবেদনও নামঞ্জুর করে তিন কার্যদিবসের মধ্যে জেলগেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ দেওয়া হয়েছে। রাজধানীর পল্টন থানার ওই মামলায় রিজভীকে ১০ দিন রিমান্ডে নেওয়ার আবেদন জানান পল্টন থানার এসআই মাসুদ মুন্সি। গত বছরের ২৯ ডিসেম্বর দায়ের করা মামলাটিতে (নং: ৪৬(১২)/১৪) রিজভী এজাহারভুক্ত আসামি। বুধবার শুনানি শেষে রিমান্ডে নেওয়ার আবেদন নামঞ্জুর করেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মারুফ হোসেনের আদালত।
রাষ্ট্রপক্ষে রিমান্ডের পক্ষে শুনানি করেন পুলিশের এসি মিরাশ উদ্দিন। রিমান্ড বাতিল করে রিজভীর জামিনের আবেদন জানিয়ে শুনানি করেন তার আইনজীবী অ্যাডভোকেট সানাউল্লাহ মিয়া, অ্যাডভোকেট মাসুদ আহমেদ তালুকদার ও অ্যাডভোকেট জয়নুল আবেদীন মেজবাহ। জামিনের আবেদনও নামঞ্জুর করে তিন কার্যদিবসের মধ্যে জেলগেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ দেন আদালত।




