রাজধানীতে সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন। নিহতরা হলেন- মাসুদ (১৮) ও টেলু মিয়া (৫০)। মঙ্গলবার রাত পৃথক এ সড়ক দুর্ঘটনা দুটি করে। পুলিশ জানায়, মতিঝিল পূবালী ব্যাংকের সামনে রাত পৌনে ২টার দিকে ট্রাকচাপায় আহত হন মোটরসাইকেল আরোহী মাসুদ। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় বুধবার সকাল ৭টার দিকে তিনি মারা যান। মতিঝিল থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) মাহমুদুল জানান, নিহত মাসুদ কুমিল্লার লাঙ্গলকোট এলাকার চণ্ডিকোট এলাকার আবুল হোসেনের ছেলে। মতিঝিলে নিজস্ব কম্পিউটারের দোকান থেকে মাসুদ রাতে তার আরামবাগের বাসায় যাওয়ার পথে এ দুর্ঘটনার শিকার হন।এদিকে, সবুজবাগের বাসাবো বৌদ্ধ মন্দিরের সামনে রাস্তা পারাপারের সময় অজ্ঞাত যানের ধাক্কায় টেলু মিয়া (৫০) নামে এক পথচারী রাত ৩টার দিকে আহত হন। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে ভোর ৪টার দিকে তিনি মারা যান। সবুজবাগ থানার এএসআই নাজমুল হোসেন জানান, নিহত টেলু মিয়া সবুজবাগের ১৪ নম্বর ধলপুরের নবুর বস্তিতে থাকতেন।



