সোমবার, অক্টোবর ২৬, ২০২৬
প্রচ্ছদচট্রগ্রাম প্রতিদিনচসিক নির্বাচনে জয়ের কৌশল নির্ধারণে আ’লীগ নেতাদের বৈঠক

চসিক নির্বাচনে জয়ের কৌশল নির্ধারণে আ’লীগ নেতাদের বৈঠক

চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে মেয়র প্রার্থী আ জ ম নাছির উদ্দিনকে বিজয়ী করতে কৌশল নির্ধারণে গুরুত্বপূর্ণ সাংগঠনিক বৈঠকে বসেছিলেন আওয়ামী লীগ নেতারা। নগরীর হোটেল পেনিনসুলায় মঙ্গলবার বেলা ১২টা থেকে দুপুর ২টা পর্যন্ত এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে চট্টগ্রামের মন্ত্রী, সাংসদ, উত্তর, দক্ষিণ, মহানগর আওয়ামী লীগ এবং ১৪ দলের নেতারা উপস্থিত ছিলেন। তবে মেয়র প্রার্থী আ জ ম নাছির উদ্দিন বৈঠকে উপস্থিত ছিলেন না বলে অংশগ্রহণকারীরা জানিয়েছেন।

বৈঠকে যাবার সময় হোটেলের প্রবেশপথে উপস্থিত সাংবাদিকদের ভূমি প্রতিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ বলেন, আমরা আসলে দলীয়ভাবে বসছি। মাননীয় মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন সাহেব, আওয়ামী লীগ ও ১৪ দলের নেতারা সবাই বসছি। সামনে নির্বাচন। সেই নির্বাচনের জন্য একটা স্ট্যাটেজি ঠিক করতে, যাতে আমরা আরও সামনের দিকে এগিয়ে জয় আনতে পারি সেজন্য বৈঠকে বসছি।

বৈঠকে থেকে বেরিয়ে সাইফুজ্জামান চৌধুরী জাবেদ বলেন, ঘরোয়া পরিবেশে আলাপ-আলোচনা হয়েছে। সাংগঠনিক কথাবার্তা বলতে গিয়ে সেখানে নির্বাচনের প্রসঙ্গ এসেছে। আমাদের সাবেক মেয়র, উনি চারবার নির্বাচন করেছেন। নির্বাচন নিয়ে উনার অভিজ্ঞতাটা শেয়ার করেছেন। ১৪ দলের নেতাদের অভিজ্ঞতা শেয়ার হয়েছে।

বৈঠকে সংবাদকর্মীদের যেতে দেয়া হয়নি। তবে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ও আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক বীর বাহাদুর, দলের কেন্দ্রীয় উপদেষ্টামন্ডলীর সদস্য ইছহাক মিয়া, সাবেক মেয়র ও নগর আওয়ামী লীগের সভাপতি এবিএম মহিউদ্দিন চৌধুরী, জাসদ কেন্দ্রীয় কার্যকরী কমিটির সভাপতি মঈনউদ্দিন খান বাদল, নগর আওয়ামী লীগের সহ-সভাপতি নূরুল ইসলাম বিএসসি ও খোরশেদ আলম সুজন, উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি নূরুল আলম চৌধুরী, দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মোছলেম উদ্দিন আহমেদ ও সাধারণ সম্পাদক মফিজুর রহমান, চট্টগ্রাম জেলা পরিষদের প্রশাসক এম এ সালাম, সিডিএ চেয়ারম্যান আবদুচ ছালাম, কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতা আমিনুল ইসলাম আমিন, সাংসদ ‍এম এ লতিফ, সামশুল হক চৌধুরী, দিদারুল আলম, মাহফুজুর রহমান মিতা ও আশেকউল্লাহ রফিক, অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল কামাল উদ্দিন আহমেদ, সাবেক সাংসদ হাসিনা ‍মান্নান, চেমন আরা তৈয়ব, ববিতা বড়ুয়া, মহানগর পিপি অ্যাডভোকেট ফখরুদ্দিন চৌধুরী, মিরসরাইয়ের সাবেক উপজেলা চেয়ারম্যান গিয়াস উদ্দিন, ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মাহফুজুল হায়দার চৌধুরী রোটন, উত্তর জেলা আওয়ামী লীগের শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক বেদারুল আলম চৌধুরী, নগর আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক জহরলাল হাজারি, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মুজিবুল হক, দ্রুত বিচার ট্রাইব্যুনালের পিপি অ্যাডভোকেট আইয়ূব খান, ওয়ার্কার্স পার্টির জেলা কমিটির সাধারণ সম্পাদক শামসুদ্দিন খালেদ সেলিম, জাসদ সহ সভাপতি ইন্দুনন্দন দত্ত, সাম্যবাদী দলের অমূল্য বড়ুয়া, গণআজাদী লীগের নজরুল ইসলাম আশরাফী, ন্যাপের মিটুল দাশগুপ্তকে বৈঠকে যোগ দেয়ার জন্য হোটেলে ঢুকতে দেখা গেছে।

বৈঠক শেষে চলে যাবার সময় সাবেক সাংসদ ইছহাক মিয়ার কাছে আলোচনা সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, আমি নির্বাচন নিয়ে কোন আলোচনা করার জন্য আসিনি। আমি নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান হিসেবে এখানে আসিনি। দলীয় পরিচয় নিয়ে এসেছি। সাংসদ দিদারুল আলম বলেন, দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে কথা বলার জন্য মন্ত্রী মহোদয় (ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন) ডেকেছেন।  বৈঠক থেকে বের হয়ে যাবার সময় নগর আওয়‍ামী লীগের সভাপতি এবিএম মহিউদ্দিন চৌধুরী, সহ-সভাপতি নূরুল ইসলাম বিএসসি ও খোরশেদ আলম সুজনের কাছে আলোচনার বিষয়ে জানতে চাইলে তারা কিছু বলতে অপারগতা প্রকাশ করেন।  মহিউদ্দিন বলেন, আলোচনার বিষয়বস্তু লিখিতভাবে আপনাদের জানানো হবে। দ্রুত বিচার ট্রাইব্যুনালের পিপি অ্যাডভোকেট আইয়ূব খান বলেন, সাংগঠনিক কথাবার্তা হয়েছে। প্রার্থীর পক্ষে কোন কথা হয়নি।

তবে সাংসদ এম এ লতিফ বৈঠকে যোগ দিতে যাবার সময় হোটেলের প্রবেশপথে সাংবাদিকদের বলেন, আমাদের প্রার্থী আ জ ম নাছির উদ্দিনকে প্রধানমন্ত্রী সমর্থন দিয়েছেন। তাকে জিতিয়ে আনতে দলের সবাই মিলে আমরা ‍মানুষের দুয়ারে দুয়ারে যাব। নেতকর্মীরা যেন সবাই একই লক্ষ্য নিয়ে তাকে সহযোগিতা করে, সেই লক্ষ্য ঠিক করতে আমরা সবাই বৈঠকে বসছি। আমরা সবাই প্রার্থীর পক্ষে কাজ করব। আ জ ম নাছির উদ্দিন আওয়ামী লীগ সমর্থিক নাগরিক কমিটি থেকে এবার মেয়র পদে লড়ছেন। তফসিল অনুযায়ী ২৮ এপ্রিল চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

  • বিষয়:
  • top
আরও পড়ুন

সর্বশেষ