বিএনপি নেতৃত্বাধীন জোটের হরতাল-অবরোধে পেট্রোলবোমায় দগ্ধ রনজিত নাথের(৩০) মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার রাত সাড়ে বারটায় চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে। রনজিত নাথের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির সহকাির উপ পরিদর্শক পঙ্কজ বড়ুয়া। নিহত রনজিত নাথ হাটহাজারী উপজেলার ধলই ইউনিয়নের এনায়েতপুর গ্রামের যতীন নাথের ছেলে।
গত বুধবার রাত সাড়ে দশটার দিকে হাটহাজারী-নাজিরহাট মহাসড়কের চারিয়া বুড়ি পুকুর পাড় এলাকায় সিএনজি অটোরিকশা লক্ষ্য করে হরতাল সমর্থকদের ছোড়া পেট্রোলবোমায় দগ্ধ হন অটোরিকশা চালক সাবের হোসেন (২৮) ও যাত্রী রনজিত নাথ (৩০)। স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে চমেক হাসপাতালে নিয়ে আসে। তাদের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি বিভাগে চিকিৎসা চলছিল।আগুনে রনজিতের শরীরের ৮২শতাংশ পুড়ে যায়। অবস্থার অবনতি হলে বৃহস্পতিবার সকালে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে(আইসিইউ) ভর্তি করা হয় তাকে। রাতে চিকিৎসাধীন অবস্থায় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।




