মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মোহাম্মদ কামারুজ্জামানের রিভিউ (পুনর্বিবেচনা) আবেদনের শুনানির দিন ধার্য করার জন্য আদেশ দেওয়া হবে আগামী রোববার। বৃহস্পতিবার রাষ্ট্রপক্ষের আবেদনের প্রেক্ষিতে এ আদেশ দেন সুপ্রিম কোর্টের চেম্বার বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী। দুপুরে চেম্বার বিচারপতির আদালতে শুনানির দিন ধার্যের আবেদন জানিয়ে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। তবে আসামিপক্ষে কেউ আদালতে হাজির ছিলেন না। সকালে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখায় আপিল মামলার চূড়ান্ত পূর্ণাঙ্গ রায়ের বিরুদ্ধে রিভিউ আবেদনটি দাখিল করেন কামারুজ্জামানের আইনজীবীরা। মোট ৭০৫ পৃষ্ঠার রিভিউ আবেদনে ৪৪টি যুক্তি দেখিয়ে কামারুজ্জামানের ফাঁসির আদেশ বাতিল ও তার খালাস চেয়েছেন তারা।
রিভিউ আবেদন বিষয়ে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম তার কার্যালয়ে সাংবাদিকদের জানান, রিভিউ আবেদন দাখিল হওয়ায় আপাতত কামারুজ্জামানের মৃত্যু পরোয়ানা স্থগিত থাকবে। মাহবুবে আলম বলেন, আমি মনে করি না, রিভিউয়ে আপিল বিভাগের রায় পরিবর্তিত হবে। কারণ, চূড়ান্ত রায়ে অপরাধ যে হয়েছে ও তাতে আসামির দায় নিয়ে চার বিচারপতিই একমত হয়েছেন। একজন শুধু দণ্ডের বিষয়ে দ্বিমত প্রকাশ করেছেন।




