মঙ্গলবার, অক্টোবর ২৭, ২০২৬
প্রচ্ছদচট্রগ্রাম প্রতিদিনজাতীয় পার্টিকে দেশের মানুষ আবার ক্ষমতায় চায় : এরশাদ

জাতীয় পার্টিকে দেশের মানুষ আবার ক্ষমতায় চায় : এরশাদ

জাতীয় পার্টিকে দেশের মানুষ আবার ক্ষমতায় চায় দাবি করে পার্টির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রীর বিশেষ দূত হুসেইন মুহম্মদ এরশাদ দলের নেতা-কর্মীদের নির্বাচনের জন্য প্রস্তুতি গ্রহণের নির্দেশ দিয়েছেন।  প্রধান দুই রাজনৈতিক দলকে বাংলাদেশের জনগণ আর চায়না উল্লেখ করে সাবেক রাষ্ট্রপতি বলেন, ঘরে ঘরে গিয়ে ছাত্র-শিক্ষক, বৃদ্ধ-যুবক, ব্যবসায়ী-চাকরিজীবীকে জিজ্ঞেস করুন। তারা বলবে আপনার সময়ে সবচেয়ে ভালো ছিলাম। আবার আপনাকে চাই। শনিবার দুপুরে নগরীর মুরাদপুরে দলের নেতা-কর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। চট্টগ্রাম মহানগর, উত্তর ও দক্ষিণ জেলা শাখা এ সভার আয়োজন করে।

প্রধান দুই দলের প্রতি দেশের জনগণের বিরক্তি জাতীয় পার্টি ক্ষমতায় আসার বড় সুযোগ বলে মনে করছেন সাবেক এই সেনাপ্রধান। তিনি বলেন, আমরা মানুষ মেরে ক্ষমতায় যাওয়াকে বিশ্বাস করি না। তাই আমরা শান্তিপূর্ণ আন্দোলন করেছি। তিনি বলেন, সঠিক নির্বাচন হলে জাতীয় পার্টি ক্ষমতায় আসবে। আল্লাহ আমাদের সুযোগ করে দিয়েছেন। এটা হাতছাড়া করা যাবে না। ভোটে জয়ী হয়ে ক্ষমতায় যাবো। অস্ত্র আর দুর্নীতির জন্য নয়, মানুষের কল্যাণে ক্ষমতায় আসতে চাই। নেতা-কর্মীদের উদ্দেশ্যে বলেন,‘মনে রাখবেন একদিন না একদিন আমরা ক্ষমতায় যাবো। সেই সুদিন এসেছে। হেলাফেলা করা যাবে না। ক্ষমতায় যেতে পার্টিকে শক্তিশালী করুন। জয়ী আমরা হবো। ‘

রাষ্ট্র প্রধান থাকাকালীন সময়ে দুইটি হত্যাকাণ্ডের ঘটনায় ক্ষমতা ছেড়ে দিয়েছেন দাবি করে তিনি বলেন, এখন কতো মানুষ মরছে তার হিসেব আছে? ছাত্র মরছে, শিশু মরছে, পথচারী মরছে। মানুষ মরুক, শিশু মরুক, আমাদের কিচ্ছু যায় আসে না। ক্ষমতার লোভে অন্ধ হয়ে গেছে তারা।  প্রতি হিংসার রাজনীতি বাংলাদেশকে শেষ করে দিয়েছে মন্তব্য করে এরশাদ বলেন, আমরা আগুন আর মানুষ হত্যার রাজনীতিতে বিশ্বাসী নই। সম্প্রীতি আর ঐক্যের রাজনীতিতে বিশ্বাসী। তিনি বলেন, আমরা যে নয় বছর দেশ শাসন করেছি তা বাংলাদেশের ইতিহাসে স্বর্ণযুগ। সব ভালো কাজ করেছি। ব্রিজ, কালভার্ট আর সড়ক উন্নয়ন হয়েছে। এতো কাজ আর কেউ করতে পারেনি।

গণতন্ত্র মুক্তির আন্দোলনে নিহত নুর হোসেনকে হত্যা করেননি বলে দাবি করেছেন হুসেইন মুহম্মদ এরশাদ। তিনি বলেন, নুর হোসেনকে আমি মারিনি। আমার হাতে রক্তের দাগ নেই। তাকে পেছন থেকে গুলি করে হত্যা করা হয়েছে।  মানুষ মেরে ক্ষমতায় যেতে চান না উল্লেখ করে তিনি বলেন, কাকে মারবো? যাকে মারবো সে আমার ভাই, সে আমার সন্তান। মানুষ মেরে ক্ষমতায় যেতে চাই না। ডা. মিলন হত্যার বিচারের দাবি জানিয়ে তিনি বলেন, ডা. মিলনকে কারা হত্যা করেছে জানি না। তাকে খুঁজে বের করুন। বিচার করেন। আমরা তাকে হত্যা করিনি। জাতীয় পার্টি নগর শাখার আহ্বায়ক মাহজাবীন মোরশেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে দলের মহাসচিব জিয়া উদ্দিন আহমেদ বাবলু, ভাইস চেয়ারম্যান মোরশেদ মুরাদ ইব্রাহিম, উত্তর জেলার আহ্বায়ক শায়েস্তা খান, দক্ষিণ জেলার আহ্বায়ক শামসুল আলম মাস্টার উপস্থিত ছিলেন।

আরও পড়ুন

সর্বশেষ