মারা যাওয়ায় মানবতাবিরোধী অপরাধের দায়ে ৯০ বছরের কারাদণ্ডাদেশপ্রাপ্ত জামায়াতের সাবেক আমির প্রয়াত গোলাম আযমের আপিল মামলা অকার্যকর ঘোষণা করেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। মঙ্গলবার প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার (এসকে সিনহা) নেতৃত্বে চার সদস্যের আপিল বেঞ্চ এ আদেশ দেন। বেঞ্চের অন্য সদস্যরা হচ্ছেন বিচারপতি নাজমুন আরা সুলতানা, বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন ও বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী।
অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম জানিয়েছেন, মৃত্যুর পর কারও বিচারিক কার্যক্রম পরিচালনার বিধান নেই। তাই স্বাভাবিকভাবেই আপিল মামলাটি অকার্যকর ঘোষণা করেছেন আপিল বিভাগ। এর অাগে আমৃত্যু কারাদণ্ডাদেশপ্রাপ্ত আব্দুল আলীম মারা যাওয়ায় তার আপিল মামলাটিও অকার্যকর ঘোষণা করেছেন আপিল বিভাগ। ৯২ বছর বয়সী গোলাম আযম গত বছরের ২৩ অক্টোবর রাতে দণ্ড ভোগরত অবস্থায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে (বিএসএমএমইউ) মারা যান। অসুস্থতার কারণে রায়ের আগে থেকেই ওই হাসপাতালের প্রিজন সেলে রেখে বিচার করা হয়। রায়ের পরও সেখানে থেকেই যুদ্ধাপরাধের সাজা খাটছিলেন তিনি। গত বছরের ২৫ অক্টোবর দুপুরে গোলাম আযমকে দাফন করা হয় রাজধানীর মগবাজার পারিবারিক গোরস্থানে।




