আগামী জুনের প্রথমার্ধে চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন সচিব সিরাজুল ইসলাম। মঙ্গলবার দুপুরে নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি একথা জানান। সিরাজুল ইসলাম বলেন, চসিক নির্বাচন করতে কোনো বাধা নেই। জুলাইয়ের মাঝামাঝিতে এ সিটির নির্বাচনের সময় শেষ হয়ে যাবে। আইন অনুয়ায়ী এর আগের ১৮০ দিনের মধ্যে নির্বাচন সম্পন্ন করার বাধ্যবাধকতা রয়েছে। ১৫ জুন থেকে রোজা শুরু হবে। সে জন্য ১৫ জুনের আগে নির্বাচন করতে হবে। সে রকম সময় ধরেই চিন্তা ভাবনা করছি। তিনি বলেন, ধরে নেওয়া যেতে পারে, জুনের প্রথম অথবা দ্বিতীয় সপ্তাহে নির্বাচন হতে পারে। তবে কোনো সময় দেওয়ার এখতিয়ার আমার নেই। চূড়ান্ত সিদ্ধান্ত নেবে কমিশন।
সর্বশেষ ২০১০ সালের ১৭ জুন চসিক নির্বাচন অনুষ্ঠিত হয়। প্রথম সভা হয়েছিল একই বছর ২৬ জুলাই। সে অনুযায়ী, এর মেয়াদ শেষ হবে ২০১৫ সালের ২৫ জুলাই। তাই আগামী ২৫ জুলাইয়ের মধ্যে নির্বাচন করার বাধ্যবাধকতা রয়েছে।




