বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে ‘মা’ সম্বোধন করে তার পদত্যাগ দাবিতে আগামী রোববার হরতাল ডেকেছে ‘নবধারার কার্যত অাসল সেই বিএনপি’। শুক্রবার ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচির ঘোষণা দেন ‘বিএনপির ক্রান্তিকালীন রাজনীতির সংকটকালীন মুখপাত্র’ দাবিদার কামরুল হাসান নাসিম। খালেদা জিয়া ও তারেক রহমানের পদত্যাগের দাবিতে রোববার বেলা ১২টা থেকে ৩টা ১৭মিনিট পর্যন্ত মোট ৩ ঘণ্টা ১৭ মিনিট হরতাল পালন করবে ‘আসল বিএনপি’।
এ হরতালের বৈশিষ্ট্য উল্লেখ করে কামরুল হাসান নাসিম বলেন, এ দিন দেশবাসী জোহরের নামায পড়ে বাংলাদেশের জন্যে দোয়া চাইবেন। একই সঙ্গে ‘মা’ খালেদা জিয়ার শুভবুদ্ধির উদয় ও তার অব্যাহতির জন্যে প্রার্থনা করবেন। তিনি বলেন, হরতালে স্বেচ্ছায় রাষ্ট্রকে ৩ ঘণ্টা ১৭ মিনিট অসহযোগিতা করবে দেশবাসী। নাসিম বলেন, খালেদা জিয়া ও তারেক রহমানের পদত্যাগের দাবিতে আগামী ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত শেষ আল্টিমেটাম দেওয়া হয়েছে। আলটিমেটাম শেষ হওয়ার আগেই বিএনপির দুই নেতা পদত্যাগ করবেন বলে অাশা প্রকাশ করেন কামরুল হাসান নাসিম।




