বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের অবরোধ চলাকালে নগরীর ষোলশহর এলাকায় একটি সিটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। মঙ্গলবার সকাল সোয়া আটটার দিকে এ ঘটনা ঘটে। তবে, এতে কেউ হতাহত হয়নি বলে জানা গেছে। পাঁচলাইশ থানার উপ-পরিদর্শক গোলাম কিবরিয়া জানান, ১০ নম্বর রুটে চলাচলকারি সিটি বাসটি বহদ্দার হাটের দিকে যাচ্ছিল।
বাসটিতে যেসব যাত্রী ছিল প্রায় সকলেই ষোলশহর স্টেশনে নেমে যায়। যাত্রী নামানোর পর কিছুদূর যেতেই বাসটিতে আগুন লাগে বলে ওই বাসের চালক জানিয়েছেন। তবে, কে বা কারা, কিভাবে আগুন লাগিয়েছে সে ব্যাপারে নিশ্চিত করে কিছু জানা যায়নি। আগ্রাবাদ বিভাগীয় ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের অপারেটর সাইদুর রহমান জানান, আগুনের খবর পেয়ে বায়েজিদ ফায়ার স্টেশন থেকে দুইটি গাড়ি ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।



