এ ব্যাপারে সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোতালেব মিয়া জানান, গুটি কয়েক অবরোধ ও হরতাল সমর্থক ব্যানার নিয়ে রাস্তায় নেমে আতঙ্ক তৈরি, যানবাহন ভাংচুর ও জানমালের ক্ষতির চেষ্টা করলে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে ফাঁকা গুলি করে। আটকদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এদিকে সকালে হরতাল ও অবরোধের সমর্থনে বিক্ষোভ মিছিল থেকে মহাসড়কে পাথর ফেলে ঢাকা-আরিচা মহাসড়কের আশুলিয়ার বিশমাইল বাসস্ট্যান্ড অবরোধ করে রাখে ঢাকা জেলা মহিলা দলের নেতাকর্মীরা। পরে তারা মহাসড়কে চলাচলের সময় পাঁচটি গাড়ি ভাংচুর করে।
এছাড়া ঢাকার ধামরাইয়ে সকালে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির আইন বিষয়ক সম্পাদক সাবেক এমপি ব্যারিস্টার জিয়াউর রহমান খাঁনের বাড়ি ও কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক ইয়াছিন ফেরদৌস মুরাদের বাড়িসহ উপজেলা বিএনপির শতাধিক নেতাকর্মীর বাড়িতে তল্লাশি চালায় পুলিশ। এ সময় পুলিশ ধামরাইয়ের জয়পুরা ও বাথুলি এলাকা থেকে জসিম উদ্দিন ও দাউদ আলী নামের বিএনপির দুই কর্মীসহ তিনজনকে আটক করে। অপ্রীতিকর ঘটনা এড়াতে সাভার ও আশুলিয়ার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।




