মঙ্গলবার, অক্টোবর ২৭, ২০২৬
প্রচ্ছদজাতীয়নববর্ষকে সাদর সম্ভাষণ

নববর্ষকে সাদর সম্ভাষণ

আজ থেকে শুরু হচ্ছে ইংরেজি নতুন বছর ২০১৫। রাত ১২টা ১ মিনিটে সারাদেশে ইংরেজি নববর্ষকে সাদর সম্ভাষণ জানানো হয়েছে। উন্মোচিত হয়েছে নববর্ষকে স্বাগত জানানোর পর্দা। দেশ ও দেশের বাইরের লোকজন এ সময় সমস্বরে উচ্চারণ করবেন ‘হ্যাপি নিউ ইয়ার’। নববর্ষ উপলক্ষে রাষ্ট্রপতি আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা আলাদা আলাদা শুভেচ্ছা বাণী দিয়েছেন। পক্ষান্তরে নানা কারণেই বিদায়ী বছরটি ২০১৪ ছিল অত্যন্ত ঘটনাবহুল। রাজনৈতিক পরিবেশে কিছুটা উত্তাপ রেখেই বিদায় নিচ্ছে ২০১৪ সাল।

বিদায়ী বছরে অন্যতম বড় অর্জন হচ্ছে গ্লোবাল সাউথ সাউথ ডেভেলপমেন্ট এক্সপো-২০১৪ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভিশনারী এ্যাওয়ার্ড প্রদান করা। এছাড়া কমনওয়েলথ পার্লামেন্টারি এসোসিয়েশন (সিপিএ) ও ইন্টার পার্লামেন্টারি ইউনিয়নের (আইপিও) নির্বাচনে বাংলাদেশের দুই প্রার্থী স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরী ও সংসদ সদস্য সাবের হোসেন চৌধুরীর বিজয়। ১৮৮টি দেশের নির্বাচিত প্রতিনিধিরা তাদের ভোট দিয়ে বিজয়ী করেছেন। এছাড়াও ইন্টারন্যানাল মোবাইল স্যাটেলাইট অর্গানইজেশনের মহাপরিচালক এবং হিউম্যান রাইটস কাউন্সিল ও ইন্টারন্যাশনাল টেলি কমিউনিক্যাশন ইউনিয়নের নির্বাচনে বিজয়ী হযেছে বাংলাদেশ।
বিদায়ী বছরে উন্নয়ন সম্ভাবনার দ্বার উন্মোচন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৈদেশিক মুদ্রার রিজার্ভ ২২ বিলিয়ন ডলার ছাড়িয়ে গেছে। বিদায়ী বছরে ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণের এক নবযুগেও প্রবেশ করে বাংলাদেশ। বিদ্যুৎ উৎপাদনেও রেকর্ড সৃষ্টি হয় এবছরটিতে। একই সাথে নিজস্ব অর্থায়নে পদ্মাসেতু নির্মানের দৃপ্ত ঘোষনাও জাতিকে গৌরাম্বিত করেছে। বহুল আলোচিত সেই পদ্মাসেতুর কাজ এই বিদায়ী বছরেই শুরু হয়েছে। সরকারের পক্ষ থেকে বলা হয়েছে ২০১৮ সালের মধ্যেই পদ্মা সেতুর ওপর দিয়ে যাতায়াত শুরু হবে, খুলে যাবে স্বপ্নের দুয়ার। ক’টনৈতিক ভাবেও ২০১৪ সালে বাংলাদেশের অর্জন ছিল যে কোন বছরের চেয়েও বেশী। শুধু তাই নয় অনেকে মনে করেন সবদিক থেকে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। দুর্নীতি-সন্ত্রাস-জঙ্গীবাদের তকমা মুছে ফেলে সারাবিশ্বে বাংলাদেশ এখন উন্নয়নের রোল মডেল। কৃষি, অর্থনীতি, শিক্ষা, সাহিত্য, সংস্কৃতি, রাজনীতিসহ সার্বিক প্রেক্ষাপটে নতুন বছরের অনেক প্রত্যাশার বীজও বনে গেছে বিদায়ী বছরটি।

রাষ্ট্রপতির শুভেচ্ছা
রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ নতুন খ্রিস্টাব্দে সবার অব্যাহত মঙ্গল, শান্তি ও অগ্রগতি কামনা করেছেন। ইংরেজি নববর্ষ ২০১৫ উপলক্ষে এক শুভেচ্ছা বাণীতে তিনি এ কামনা করেন। ইংরেজি নববর্ষ ২০১৫ উপলক্ষে রাষ্ট্রপতি দেশবাসী ও প্রবাসে বসবাসরত বাংলাদেশিদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান। তিনি বলেন, ইংরেজি নববর্ষ উদ্যাপন আমাদের জাতীয় সংস্কৃতির সাথে গভীরভাবে সম্পৃক্ত। আমাদের দৈনন্দিন ও জাতীয় জীবনে বাংলা বর্ষপঞ্জির পাশাপাশি ইংরেজি সালের ব্যবহার ওতপ্রোতভাবে মিশে আছে বিধায় ইংরেজি নববর্ষের গুরুত্ব অপরিসীম। রাষ্ট্রপতি ইংরেজি নববর্ষ ২০১৫ সবার জন্য কল্যাণকর হোক এ কামনাও করেন।

প্রধানমন্ত্রীর শুভেচ্ছা

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ‘ইংরেজি নতুন বছর ২০১৫ উপলক্ষে দেশবাসী, প্রবাসী বাঙালিসহ বিশ্ববাসীকে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন। মুক্তিযুদ্ধের আদর্শে উদ্বুদ্ধ হয়ে ক্ষুধা, দারিদ্র্যমুক্ত, অসাম্প্রদায়িক, সমৃদ্ধ ও শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ে তুলে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের ‘সোনার বাংলা’ প্রতিষ্ঠা করার আহ্বানও জানান তিনি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইংরেজি নববর্ষ ২০১৫ উপলক্ষে দেয়া এক শুভেচ্ছা বাণীতে এ আহ্বান জানান। তিনি বলেন, নতুনের আহ্বানে পুরাতন বছরের সব জঞ্জাল ধুয়ে-মুছে যাক। নতুন বছর সবার জীবনে অনাবিল সুখ, সমৃদ্ধি ও শান্তি কামনা করে এর জন্য তিনি মহান আল্লাহতায়ালার কাছে এ প্রার্থনা করার আহবান জানান।

প্রধানমন্ত্রী বলেন, বিশ্ব মন্দা সত্ত্বেও গত বছর সামষ্টিক অর্থনীতির প্রতিটি সূচক ইতিবাচক ছিল। ৬ শতাংশের বেশি প্রবৃদ্ধি অর্জিত হয়েছে। বৈদেশিক মুদ্রার রিজার্ভ ২২ দশমিক ৩৯ বিলিয়ন ডলারে উন্নীত হয়েছে। দেশি-বিদেশি বিনিয়োগ বেড়েছে। বিভিন্ন প্রতিবন্ধকতা সত্ত্বেও রপ্তানিতে ভাল প্রবৃদ্ধি হয়েছে। প্রায় ১৫ দশমিক ৩ বিলিয়ন ডলার রেমিটেন্স এসেছে। গত ৬ বছরে ৫ কোটির বেশি মানুষ নি¤œবিত্ত থেকে মধ্যবিত্তে উঠে এসেছে উল্লেখ করে তিনি বলেন, মাথাপিছু আয় ১২০০ ডলারে উন্নীত হয়েছে। সরকারি-বেসরকারি খাতে প্রায় এক কোটি মানুষের কর্মসংস্থান হয়েছে। ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে দেশ অনেক এগিয়েছে। বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা ১৩ হাজার মেগাওয়াটে উন্নীত হয়েছে। আন্তর্জাতিক সংস্থাগুলো বাংলাদেশের অর্থনীতির অগ্রযাত্রাকে ‘একটি বিশাল অর্জন’ বলে আখ্যায়িত করেছে। তারা বর্তমান সরকারের অর্থনৈতিক ব্যবস্থাপনারও প্রশংসা করেছে। এছাড়া ইংরেজি নববর্ষে সবার কল্যাণ কামনাও করেন তিনি।

  • বিষয়:
  • top
আরও পড়ুন

সর্বশেষ