রবিবার, আগস্ট ১৬, ২০২৬
প্রচ্ছদজাতীয়চীনা পররাষ্ট্রমন্ত্রী ঢাকা সফরে আসছেন ২৭ ডিসেম্বর

চীনা পররাষ্ট্রমন্ত্রী ঢাকা সফরে আসছেন ২৭ ডিসেম্বর

প্রায় ৪৪ ঘণ্টার সফরে ২৭ ডিসেম্বর শনিবার ঢাকা আসছেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়েং আই। পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, শনিবার সন্ধ্যা ৬টা ৪০ মিনিটে শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে পৌঁছবেন চীনের পররাষ্ট্র মন্ত্রী। পরদিন (২৮ ডিসেম্বর) রোববার সকাল ১০টায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর সঙ্গে বৈঠক করবেন তিনি। ওয়েং আই প্রেসিডেন্ট আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গেও সৌজন্য সাক্ষাৎ করতে পারেন। এছাড়া বৈঠক হতে পারে মন্ত্রিপরিষদের কিছু সদস্যের সঙ্গেও। শেষে সোমবার দুপুর ২টা ১৫ মিনিটে ঢাকা ছাড়বেন ওয়েং আই।

সূত্র জানায়, বাংলাদেশ-চীন কূটনৈতিক সম্পর্কের ৪০ বছর পূর্তি উপলক্ষে ২০১৫ সালে দুই দেশে বেশ কিছু কর্মসূচি পরিকল্পনা সম্পর্কিত বিষয় দুই দেশের মধ্যে আলোচনায় প্রাধান্য পাবে। এছাড়া আঞ্চলিক যোগাযোগেও বিষয়টি গুরুত্ব পাবে দুই দেশের পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের এ বৈঠকে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত জুনে চীন সফরকালে দেশটির প্রধানমন্ত্রী লি খছিয়াংকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানিয়েছেন। কূটনৈতিক সূত্র বলছে, কূটনৈতিক সম্পর্কের  চার দশক পূর্তি অনুষ্ঠানে চীনের প্রধানমন্ত্রী লি  খছিয়াংয়ের ঢাকায় আসার সম্ভাবনা রয়েছে।  চীনের পররাষ্ট্রমন্ত্রীর ঢাকা সফরে দেশটির প্রধানমন্ত্রী সম্ভাব্য ঢাকা সফর নিয়ে আলোচনা হতে পারে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা চীন সফরকালে কয়েকটি চুক্তি সই করেন। সেসব বিষয়ের অগ্রগতি ও সম্ভাবনা নিয়ে দুদেশের পররাষ্ট্রমন্ত্রীরা আলোচনা করবেন বলেও জানা গেছে। প্রধানমন্ত্রী তার চীন সফরে চট্টগ্রামের কর্ণফুলী নদীর তলদেশে টানেল নির্মাণ এবং  বাংলাদেশে চীনের অর্থনৈতিক ও শিল্পাঞ্চল প্রতিষ্ঠায় সমঝোতা স্মারক সই করেন।  এ সময় চীনের সঙ্গে যৌথ উদ্যোগে পটুয়াখালীর কলাপাড়া উপজেলায় এক হাজার ৩২০ মেগাওয়াটের কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র স্থাপনে চুক্তি সই হয়। এছাড়া ইউনিয়ন পর্যায়ে তথ্যসেবা পৌঁছতে ইন্টারনেট সংযোগ প্রদান (ইনফো-সরকার, ফেজ-৩), রাজশাহীতে পানি শোধনাগার নির্মাণ, চট্টগ্রামের কালুরঘাটে রেলসেতু নির্মাণ, চট্টগ্রাম-রামু-কক্সবাজার, রামু-গুনধুম ডুয়েলগেজ রেললাইন স্থাপন এবং ইস্টার্ন রিফাইনারির দ্বিতীয় ইউনিট প্রতিষ্ঠায় চীনের সহযোগিতা কামনা করে বাংলাদেশ।

  • বিষয়:
  • top
আরও পড়ুন

সর্বশেষ