রাজনৈতিক, ব্যবসায়ীসহ বিভিন্ন ব্যক্তির পাচার করা অর্থ ফেরত আনতে ১৪টি দেশে আইনি সহায়তা চেয়ে মিউচুয়্যাল লিগ্যাল এসিসটেন্স রিকোয়েস্ট (এমএলএআর) পাঠিয়েছে দুর্নীতি দমন কমিশন-দুদক। রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা এটর্নি জেনারেলের মাধ্যমে দুদক এসব এমএলএআর বিভিন্ন দেশে পাঠায়। ২০ নভেম্বর বৃহস্পতিবার বেলা পৌনে ১২টায় সংস্থাটির সেগুন বাগিচার প্রধান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দুদক সচিব মো. মাকসুদুল হাসান খান এ তথ্য জানান। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ১৪টি দেশে আইনি সহায়তা চেয়ে এমএলএআর পাঠানো হয়েছে। এর মধ্যে পাঁচটি দেশ সাড়া দিয়েছে। তবে সংবাদ সম্মেলনে কাদের ব্যাপারে এসব এমএলএআর পাঠানো হয়েছে তা জানাতে চাননি দুদক সচিব।তিনি জানান, ‘এর মধ্যে রাজনীতিক ও ব্যবসায়ী ব্যক্তি রয়েছে।’ এছাড়াও দুদক সচিব জানান, অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে পাঁচজন মন্ত্রী-এমপির বিরুদ্ধে মামলা করেছে দুদক। এর মধ্যে তিনজনই সরকারদলীয়। ‘দুদকের কাজ কাউকে অব্যাহতি দেওয়া নয়। প্রাপ্ত তথ্য-উপাত্তের ভিত্তিতেই অনুসন্ধান করে দুদক ব্যবস্থা নেয়।’ সচিব ও সরকারি কর্মকর্তাদের মুক্তিযোদ্ধা সনদ জালিয়াতির ব্যাপারে আরো কোনো তদন্ত করা হবে কীনা জানতে চাইলে দুদক সচিব বলেন, উপযুক্ত তথ্য-উপাত্ত পেলে এ বিষয়টি দেখা হবে। আমরা গণমাধ্যমে বিষয়টি দেখেছি। এখনো এ বিষয়ে কোনো সুনির্দিষ্ট তথ্য পাইনি।



