স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, দক্ষিণ এশিয়ার উদীয়মান অর্থনৈতিক দেশগুলোর সামনে কিছু চ্যালেঞ্জ রয়েছে। এসব চ্যালেঞ্জ মোকাবিলায় আমাদের সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। মঙ্গলবার (১৮ নভেম্বর) রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে ‘উদীয়মান দক্ষিণ এশিয়ার অর্থনৈতিক শক্তিসমূহের অর্থনীতি ও আর্থিক চ্যালেঞ্জ’ শীর্ষক কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
যৌথভাবে এ কর্মশালার আয়োজন করে কমনওয়েলথ পার্লামেন্টারি অ্যাসোসিয়েশন (সিপিএ), আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) ও বাংলাদেশ জাতীয় সংসদ। তিন দিনব্যাপী এ কর্মশালা চলবে আগামী ২০ নভেম্বর পর্যন্ত। উদ্বোধনী অনুষ্ঠানে ডেপুটি স্পিকার অ্যাডভোকেট ফজলে রাব্বী মিয়াসহ আইএমএফ’র যোগাযোগ বিভাগের সিনিয়র যোগাযোগ কর্মকর্তা ফ্রানজ হ্যান ও সিপিএ’র প্রতিনিধিরা উপস্থতি ছিলেন।
দক্ষিণ এশিয়ার দেশগুলো খুব দ্রুত এগিয়ে যাচ্ছে উল্লেখ করে শিরীন শারমিন বলেন, বিশ্বে এ অঞ্চল দ্বিতীয় দ্রুত প্রবৃদ্ধির অঞ্চল হিসেবে বিবেচিত। তবে এসব দেশগুলোর সামনে কিছু চ্যালেঞ্জ রয়েছে। বিশ্ববাজারে প্রতিযোগিতা ও বিভিন্ন চ্যালেঞ্জ থাকা সত্ত্বেও এ অঞ্চলের উদীয়মান দেশগুলোর রফতানি বেড়েছে। তবে এ এলাকার মূল্যস্ফীতি একটু বেশি। এ অঞ্চলের উন্নয়নের বিভিন্ন সূচকগুলো এখনও পর্যন্ত ইতিবাচক হলেও ম্যাক্রো অর্থনীতির স্থিতিশীলতা, আর্থিক প্রবৃদ্ধি নিশ্চিতকরণ, অবকাঠামো বৃদ্ধি, বাজেটের ঘাটতি কমানোর বিষয়ে বেশ কিছু চ্যালেঞ্জ বিদ্যমান রয়েছে জানিয়ে স্পিকার বলেন, এসব চ্যালেঞ্জ দ্রুত সমাধান করতে হবে। ফ্রানজ হ্যান বলেন, দক্ষিণ এশিয়ার দেশগুলোর বিভিন্ন প্রতিষ্ঠান অনেক এগিয়ে গেছে। সামনে আরও কীভাবে অর্থনৈতিকভাবে এগিয়ে যাওয়া হয় সে বিষয়ে আলোচনা করতে আমাদের এ কর্মশালা। আশা করি আমরা নতুন নতুন বিষয়ে আলোচনা করতে পারবো।



