টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার গোরাইল ইউনিয়নের দক্ষিণ সোহাগপাড়া এলাকায় বখাটে জাহাঙ্গীর ও তার সহযোগীরা ঘরে আগুন দিয়ে মা ও তিন মেয়েকে পুড়িয়ে হত্যা করেছে। মঙ্গলবার ভোর সাড়ে ৪টার দিকে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন- ওই গ্রামের প্রবাসী মজিবুর রহমানের স্ত্রী হাসনা বেগম (৩০) এবং তিন মেয়ে মনিরা (১৪), মিম (৬) ও মলি (৪)। এদিকে, এ ঘটনায় জড়িত অভিযোগে একই গ্রামের জাহাঙ্গীরের বন্ধু, তার চাচী ও পেট্রল বহনকারী ভ্যান চালককে আটক করছে পুলিশ। নিহতের আত্মীয়-স্বজন ও প্রতিবেশীরা জানান, দীর্ঘদিন যাবত পাশের বাড়ির বাহার উদ্দিনের ছেলে জাহাঙ্গীর মনিরাকে কুপ্রস্তাব দিত। এ নিয়ে কয়েক দফা গ্রাম্য সালিশ হয়েছে।
কিছুদিন আগে জাহাঙ্গীর হয়ে মনিরাদের বাড়িতে হামলা চালায়। পরে মনিরার পরিবার মির্জাপুর থানায় একটি লিখিত অভিযোগ দেন। এতে ক্ষিপ্ত হয়ে সোমবার গভীর রাতে জাহাঙ্গীর ও তার সহযোগীরা মনিরাদের টিনশেড বাড়ির জানালা দিয়ে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেয়। এ সময় পাশের বাড়ির লোকজন আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে ব্যর্থ হয়। খবর পেয়ে মির্জাপুর ফায়ার সার্ভিসের একটি দল এসে পৌনে এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। পরে ঘরের দরজা ভেঙে মা ও তিন মেয়ের দগ্ধ লাশ উদ্ধার করা হয়।
এদিকে, ঘটনার পরপরই জাহাঙ্গীর ও তার পরিবারের লোকজন পলাতক রয়েছে বলে জানান প্রতিবেশীরা। মির্জাপুর থানার উপপরিদর্শক (এসআই) মো. নাসির ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমুদিনী হাসপাতালে পাঠানো হয়েছে। এ ব্যাপারে মামলার প্রক্রিয়া চলছে।




