সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ) আসনের আওয়ামী লীগের সংসদ সদস্য আলহাজ ইসহাক হোসেন তালুকদার হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন(ইন্নালিল্লাহি…….রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৪ বছর। তিনি স্ত্রী ও দুই ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। সোমবার সন্ধ্যা সোয়া ৭টার দিকে রায়গঞ্জ থেকে বগুড়ায় নেওয়ার পথে শেরপুর এলাকায় তার মৃত্যু হয়।
ইসহাক হোসেন তালুকদারের ব্যক্তিগত সহকারী মো. মাসুদ রানা এ তথ্য নিশ্চিত করে জানান, সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ) আসনের সংসদ সদস্য ইসহাক হোসেন তালুকদার দীর্ঘদিন ধরে হৃদরোগ ও শ্বাসকষ্টে ভুগছিলেন। সোমবার দুপুর থেকে তার শ্বাসকষ্ট বেড়ে যায়। এক পর্যায়ে সন্ধ্যায় সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার নিজ বাসভবন থেকে তাকে বগুড়া জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে বগুড়ার শেরপুরে তার মৃত্যু হয়। তার মৃত্যুতে রায়গঞ্জ ও তাড়াশ উপজেলার আওয়ামী লীগের নেতাকর্মীসহ সর্বস্তরের জনসাধারণের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
এদিকে, ইসহাক হোসেন তারুকদার এমপি’র মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন সিরাজগঞ্জ-২ (সদর-কামারখন্দ) আসনের জাতীয় সংসদ সদস্য অধ্যাপক ডা. মো. হাবিবে মিল্লাত মুন্না। ইসহাক হোসেন তালুকদার ২০০৮ ও ২০১৪ সালে আওয়ামী লীগের মনোনয়নে জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার শোক প্রকাশ
প্রধানমন্ত্রী শেখ হাসিনা সিরাজগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য, বীর মুক্তিযোদ্ধা, সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের প্রবীণ নেতা ইসাহাক হোসেন তালুকদারের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। এক শোক বিবৃতিতে তিনি প্রধানমন্ত্রী বলেন, আলহাজ্ব ইসাহাক হোসেন তালুকদারের মৃত্যুতে জাতি একজন নিঃস্বার্থ, দেশপ্রেমিক রাজনৈতিক কর্মীকে হারালো। আওয়ামী লীগ হারালো দীর্ঘদিনের বিস্বস্ত সদস্যকে।
প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে পাঠানো ওই শোক বিবৃতিতে তিনি আরও বলেন সিরাজগঞ্জবাসী ইসাহাক তালুকদারের অবদান আজীবন স্মরণ করবে। প্রধানমন্ত্রী মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন। শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।




