দ্বিতীয় দিনেও অনেকে পশু কোরবানি দিচ্ছে বলে বর্জ্য অপসারণে হিমশিম খাচ্ছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। তারপরও সবার সহযোগিতা পেলে ঘোষিত ৩৬ ঘণ্টার মধ্যেই কোরবানির বর্জ্য অপসারণ করার প্রত্যয় ব্যক্ত করে মঙ্গলবার সকালে ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আনসার আলী খান বলেন, ঈদের দিন দুপুর ২টা থেকে কোরবানির বর্জ্য অপসারণের কাজ শুরু করা হয়েছে। এর পরবর্তী ৩৬ ঘণ্টার মধ্যেই বর্জ্য অপসারণের কাজ শেষ করা হবে।
তিনি আরো বলেন, রাজধানীকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে করপোরেশনের নিজস্ব সাত হাজার কর্মীর পাশাপাশি প্রতিটি ওয়ার্ডে ১২ জন করে অতিরিক্ত লোক কোরবানির বর্জ্য অপসারণে কাজ করছে। এছাড়া সেনা বাহিনী, নৌ-বাহিনী ও ঢাকার পানি সরবারহ এবং নর্দমা ব্যবস্থাপনা কর্তৃপক্ষ (ওয়াসা) আমাদের সহায়তা দিচ্ছে।




