সোমবার, অক্টোবর ২৬, ২০২৬
প্রচ্ছদরাজনীতিআঁতাতের কথা যারা বলে তারা জ্ঞানপাপী : নাসিম

আঁতাতের কথা যারা বলে তারা জ্ঞানপাপী : নাসিম

জামায়াত নেতা দেলাওয়ার হোসেন সাঈদীকে ফাঁসির আদেশ কমিয়ে আমৃত্যু কারাদণ্ডের রায় দিয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। সর্বোচ্চ আদালতের এ রায়কে মেনে নিয়েছে ক্ষমতাসীন ১৪ দলীয় জোট। আর যারা আঁতাতের অভিযোগ করছে তাদের জ্ঞানপাপী বলে আখ্যা দিয়েছেন জোটের মুখপাত্র ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। বুধবার দুপুরে ১৪ দলের সভা শেষে এ প্রতিক্রিয়া জানান তিনি। নাসিম বলেন, ১৪ দল আশা করেছিল দেলাওয়ার হোসেন সাঈদীর সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড বহাল থাকবে। সর্বোচ্চ আদালত যে রায় দিয়েছে তার প্রতি আমাদের শ্রদ্ধা আছে।‘জনশ্রুতি আছে এই রায় আঁতাতের, আপনারা কিভাবে নিচ্ছেন, আদৌ কি এটা আঁতাতের রায়? সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ক্ষুব্ধ হয়ে বলেন, আঁতাতের কথা যারা বলে তাদের জ্ঞানপাপী। তারা না বুঝে এসব কথা বলে। বিরোধীদের সমালোচনা করে নাসিম আরও বলেন, তারা অনেক সময় অহেতুক ও অযৌক্তিকভাবে অনেক কথা বলে। আদালত স্বাধীন ও নিরপেক্ষ। তাদের (আদালত) উপর হস্তক্ষেপ করা শোভন নয়। অনেক বাধা সত্ত্বেও বিচার চালিয়ে যাচ্ছি। ১৪ দল সমস্ত প্রতিশ্রুতি বাস্তবায়ন করবে। জামায়াতের হরতাল নিয়ে তিনি বলেন, হরতালে মানুষের সমর্থন নেই। এটা মানুষ রাজনৈতিকভাবে মোকাবেলা করবে। আইনও তার গতিতে চলবে।

ষোড়শ সংশোধনীর বিষয়ে ১৪ দলেল মুখপাত্র বলেন, দেশের স্বাধীনতার পর ৭২ এর সংবিধান সবচেয়ে বড় অর্জন। সেই ৭২ এর সংবিধান ক্ষত বিক্ষত করা হয়েছে। আমাদের লক্ষ্য ৭২ এর সংবিধানে ফিরে যাওয়া। তারই অংশ হিসেবে আজ (১৭ সেপ্টেম্বর বুধবার) সংসদে বিচারপতিদের অভিসংসনের ক্ষমতা সংসদে দেওয়ার জন্য সংবিধান সংশোধনী বিল আকারে সংসদে উঠবে, আশা করছি এটি পাস হবে। এ ধরণের উদ্যোগের জন্য শেখ হাসিনাকে অভিনন্দন জানাচ্ছি।

এ সময় ১৪ দলের এ শীর্ষ নেতা বলেন, ফিলিস্তিনে আহত ১০ জন মেডিকেল ছাত্রকে বাংলাদেশে চিকিৎসার জন্য নিয়ে এসেছি। আমরা তাদের সহায়তায় একটি প্রতিনিধি দল পাঠানোর কথা ছিল, আমরা যথাযথ প্রদক্ষেপ নিয়েছি। ১৪ দলের পক্ষ থেকে দর্গাপূজা ও ঈদ উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা ও অভিনন্দন, প্রধানমন্ত্রীর ‘শান্তিবৃক্ষ’ পাওয়ায় অভিনন্দন এবং প্রধানমন্ত্রীর মেয়ে সায়মা ওয়াজেদ অটিজমের উপর পুরস্কার পাওয়ায় তাকে অভিনন্দন জানানো হয়েছে।  সকাল সাড়ে ১১ টায় শুরু হওয়া ওই বৈঠকে সভাপতিত্ব করেন মোহাম্মদ নাসিম নিজেই।

সভায় উপস্থিতি ছিলেন- আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ, ডা. দীপু মনি, জাহাঙ্গীর কবির নানক, ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা এমপি, গণতন্ত্রী পার্টির সাধারণ সম্পাদক নূরুর রহমান সেলিম, জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সাধারণ সম্পাদক শরিফ নূরুল আম্বিয়া, কার্যকরি সভাপতি মঈনুদ্দিন খান বাদল এমপি, তরিকতের মহাসচিব লায়ন এম এ আউয়াল, আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক হাছান মাহমুদ এমপি, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, খালিদ মাহমুদ চৌধুরী প্রমুখ।

আরও পড়ুন

সর্বশেষ