রবিবার, অক্টোবর ২৫, ২০২৬
প্রচ্ছদদেশজুড়েঢাকা বিভাগতৈমুর আলম খন্দকারের জামিন, হরতাল প্রত্যাহার

তৈমুর আলম খন্দকারের জামিন, হরতাল প্রত্যাহার

নারায়ণগঞ্জ জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকারের মুক্তির দাবিতে ২০ দলীয় জোট নারায়ণগঞ্জ জেলা শাখার আহুত বৃহস্পতিবারের হরতাল প্রত্যাহার করা হয়েছে। মঙ্গলবার বিকেলে তৈমুর আলম খন্দকার জামিনে মুক্তি পাওয়ার পর ২০ দলীয় জোট নারায়ণগঞ্জ জেলা শাখার হরতাল প্রত্যাহার করে নেন। তবে তৈমুর আলম খন্দকারকে হয়ারানী করার প্রতিবাদে বুধবার বিকেলের সমাবেশ বলব‍ৎ রয়েছে। নদী সংস্কার, মালামাল লুটপাট ও চুরির ঘটনায় নারায়ণগঞ্জ জেলা বিএনপির সভাপতি কেন্দ্রীয় বিএনপির আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকারকে ঢাকা মহানগর হাকিম রেজাউল করিম দশ হাজার টাকা বিল বন্ডে জামিন দেন।

এর আগে তৈমুর আলমকে আদালতে এনে পল্টন থানার উপ-পরিদর্শক (এসআই) ওয়াহেদুজ্জামান মামলার প্রকৃত রহস্য উদঘাটন ও চুরি যাওয়া মালামাল উদ্ধারের জন্য পাঁচ দিনের রিমান্ড আবেদন করেন। অন্যদিকে তৈমুর আলমের আইনজীবী মহসিন মিয়া আদালতের কাছে জামিনের আবেদন করেন। আদালত শুনানি শেষে জামিন মঞ্জুর করেন।

উল্লেখ্য তৈমুর আলম খন্দকারকে সোমবার তোপখানার মেহেরবা প্লাজায় তার চেম্বার থেকে বিকেল পৌনে ৬টার দিকে পুলিশ গ্রেফতার করে। এরপর তাকে পল্টন থানায় নিয়ে যাওয়া হয়। এদিকে তৈমুর আলম খন্দকারকে গ্রেফতারের প্রতিবাদে ও তার মুক্তির দাবিতে সোমবার সন্ধায় নারায়ণগঞ্জের বিভিন্ন এলাকায় বিক্ষোভ মিছিল করেন বিএনপি নেতাকর্মীরা। মঙ্গলবার সকালে ২০ দলীয় জোটের সমাবেশ থেকে ৪৮ ঘণ্টার আলটিমেটাম দিয়ে হরতাল আহ্বান করেছিলো।

নগর বিএনপির সাধারণ সম্পাদক এটিএম কামাল জানিয়েছেন, ৪৮ ঘণ্টার আলটিমেটামে হরতাল আহ্বান করা হয়েছিল। কিন্তু তৈমুর আলম জামিন পাওয়ায় হরতাল প্রত্যাহার করা হয়। তবে তৈমুর আলমকে হয়রানি করার প্রতিবাদে বুধবার বিকেলে সমাবেশ অনুষ্ঠিত হবে।

আরও পড়ুন

সর্বশেষ