‘বাংলাদেশে আল-কায়েদার যে ঘাঁটি গড়ার কথা শোনা যাচ্ছে, তার সঙ্গে তারেক রহমানের যোগসূত্র থাকার বিষয়টি অস্বাভাবিক নয়’ এমন বক্তব্য দেওয়ায় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফকে লিগ্যাল নোটিশ পাঠিয়েছেন বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান। তারেক রহমানের পক্ষে মঙ্গলবার সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার কায়সার কামাল ডাকযোগে এ নোটিশ পাঠান। তার এ বক্তব্য আগামী দুই সপ্তাহের মধ্যে প্রত্যাহার করে জনসম্মুখে ক্ষমা চাইতে বলা হয়েছে। অন্যথায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে নোটিশে উল্লেখ করা হয়েছে।ব্যারিস্টার কায়সার কামাল জানান, আমরা পত্রপত্রিকায় দেখেছি ৬ সেপ্টেম্বর শনিবার দুপুরে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় নবগ্রাম মাধ্যমিক বিদ্যালয়ে বন্যাদুর্গত মানুষের মাঝে ত্রাণ বিতরণ শেষে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ সাংবাদিকদের বলেছেন, ২০০১ সালে হাওয়া ভবন থেকে জঙ্গিবাদের উত্থান হয়েছিল। এ ইতিহাস সবাই জানে। এখন বাংলাদেশে আল-কায়েদার যে ঘাঁটি গড়ার কথা শোনা যাচ্ছে, তার সঙ্গে তারেক রহমানের যোগসূত্র থাকার বিষয়টি অস্বাভাবিক নয়৷



