বাণিজ্যমন্ত্রী বলেন, সবাইকে বুঝাতে হবে কর দিলে তিনি সম্মানিত ব্যক্তি হবেন। যারা কর দেন তারা অবশ্যই সম্মানিত ব্যাক্তি। তিনি বলেন, বেশি কর দিলে তাদের অবশ্যই সম্মানিত করা উচিত। এনবিআর চেয়ারম্যানের অনুরোধে তাদের সিআইপি মর্যাদা দেওয়ার উদ্যোগ গ্রহণ করবো।
তোফায়েল আহমেদ বলেন, বাংলাদেশে সাড়ে ৭ কোটি মানুষ থাকার সময় অভাব ছিল। বর্তমানে সাড়ে ১৬ কোটি মানুষ। এরমধ্যে মাত্র ১৮ লাখ কর দেয়। এর সংখ্যা আরও বাড়ানো উচিত। কর আদায় করতে গিয়ে মানুষ যেন ভোগান্তির শিকার না হন তা খেয়াল রাখতে সংশ্লিষ্টদের নির্দেশ দেন তিনি। রাজস্বে আয়করের অবদান তুলে ধরে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেন, ১৯৭২-৭৩ সালে রাজস্বে আয়করের অবদান ছিল মাত্র ১০ শতাংশ। বর্তমানে তা ৩৮ শতাংশে দাঁড়িয়েছে। তিনি বলেন, জনগণের প্রতি রাষ্ট্রের যেমন দায়িত্ব রয়েছে তেমনি জনগণেরও রাষ্ট্রের প্রতি দায়বদ্ধতা আছে। তাদের এ দায়বদ্ধতা থেকে কর প্রদানে এগিয়ে আসতে হবে।
রপ্তানি ক্ষেত্রে দেশ এগিয়ে যাচ্ছে জানিয়ে তোফায়েল বলেন, বর্তমানে দেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করে চাল রপ্তানি করার সিদ্ধান্ত নিয়েছে। ইতোমধ্যে সুগন্ধি চাল রপ্তানি শুরু হয়েছে। জাতীয় রাজস্ব বোর্ড সদস্য (কর প্রশাসন ও মানব সম্পদ ব্যবস্থাপনা) মো. বশির উদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে এনবিআর চেয়ারম্যান গোলাম হোসেন বক্তব্য দেন। মেলায় কর দিতে এসে কোনো ব্যক্তি যাতে হয়রানির শিকার না হন তা খেয়াল রাখার বিষয়ে গুরুত্ব দিয়েছেন এনবিআর চেয়ারম্যান। পরে অফিসার্স ক্লাব মাঠে ফিতা কেটে মেলার উদ্বোধন করেন বাণিজ্যমন্ত্রী।




