রাজধানীর মিরপুরে এক স্কুলছাত্রকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করেছে দুর্বৃত্তরা। রোববার রাত ৯টার দিকে ১/২৪ মিরপুর-৬ বাসার সামনে দুর্বৃত্তরা অস্ত্র দিয়ে তাকে আঘাত করে। পরে গুরুতর অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে আনা হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত মাহিদুল ইসলাম ইমন (১৪) মিরপুর আদর্শ স্কুলের সপ্তম শ্রেণির ছাত্র বলে জানান তার বাবা নজরুল ইসলাম। ঢামেক হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক মাহাবুব ইসলাম জানান, স্কুলছাত্রের বুকে আঘাত করা হয়েছে। ধরণ দেখে মনে হচ্ছে, ধারালো অস্ত্র দিয়ে তাকে আঘাত করেছে দুর্বৃত্তরা।
তার লাশ ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতাল মর্গে পাঠানো হবে। নিহতের বাবা নজরুল ইসলাম জানান, রাত ৯টায় বাসার সামনে দুর্বৃত্তদের ধারালো অস্ত্রের আঘাতে আহত হয় ইমন। পরে উদ্ধার করে ঢামেকে নিয়ে আসলে জরুরি বিভাগের চিকিৎসক রাত সোয়া ১০টায় ইমনকে মৃত ঘোষণা করেন। তবে কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে তা বলতে পারেননি নিহত স্কুলছাত্রের বাবা।



