বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মজীনা বলেছেন, ‘কঠোর পরিশ্রম ও যুক্তরাষ্ট্রের মতো বন্ধুদেশগুলোর অংশীদারত্বে বাংলাদেশে মাতৃমৃত্যুর হার কমেছে। পাঁচ বছরের নিচে শিশুমৃত্যুর হার কমে এসেছে।’ শুক্রবার সকালে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের শিশু সার্জারি বিভাগ পরিদর্শন শেষে মজীনা সাংবাদিকদের এসব কথা বলেন।
সকাল সাড়ে নয়টায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের শিশু সার্জারি বিভাগে পৌঁছে মজীনা তা ঘুরে দেখেন। এ সময় তিনি রোগী ও তাঁদের স্বজনদের সঙ্গে কথা বলেন এবং বিভাগের সুবিধা-অসুবিধার খোঁজখবর নেন।
মার্কিন রাষ্ট্রদূত বলেন, ‘’৯৮ থেকে ২০০১ সাল পর্যন্ত দেখেছি বাংলাদেশে চিকিৎসাব্যবস্থায় একটি বৈপ্লবিক পরিবর্তন এসেছে। এটা কোনো মিরাকল নয়। কাঠোর পরিশ্রমের মাধ্যমেই এটা অর্জন করতে হয়েছে।’ এভাবে সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে বাংলাদেশ এগিয়ে যাবে বলে ড্যান মজীনার বিশ্বাস।
শিশু সার্জারি বিভাগের প্রধান তাহমিনা বানুর প্রশংসা করে ড্যান মজীনা বলেন, তিনি চ্যাম্পিয়নের মতো কাজ করে যাচ্ছেন। এখানে বিশ্বমানের অস্ত্রোপচার হচ্ছে। উন্নত প্রযুক্তির ব্যবহার হচ্ছে। তিনি বলেন, এই বিভাগ যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের মধ্যে যোগাযোগের মূল্যায়ন করে যাচ্ছে। যুক্তরাষ্ট্রের ভালো প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ রক্ষা করে চলেছে তারা। আমেরিকার নৌবাহিনীর মেডিকেল জাহাজের সঙ্গেও কাজ করেছেন এখানকার চিকিৎসকেরা। এতে চিকিৎসকদের সঙ্গে জ্ঞানের আদান-প্রদান হয়েছে। এ সময় চট্টগ্রাম মেডিকেল কলেজের অধ্যক্ষ সেলিম মোহাম্মদ জাহাঙ্গীর, হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শহিদুল গণি ও শিশু সার্জারি বিভাগের অধ্যাপক তাহমিনা বানু উপস্থিত ছিলেন।




