ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৩৬টি সোনার বার উদ্ধার করেছে শুল্ক গোয়েন্দা বিভাগ। এর ওজন চার কেজি ২০০ গ্রাম। মূল্য প্রায় দুই কোটি দুই লাখ টাকা। বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে সোনার বারগুলো উদ্ধার করা হয়। এ ঘটনায় জড়িত সন্দেহে এক যাত্রীকে আটক করে বিমানবন্দর থানায় সোপর্দ করা হয়েছে।
শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের মহাপরিচালক মঈনুল খান বলেন, দুবাই থেকে ঢাকা আসা একটি ফ্লাইটে সোনার বার আনা হচ্ছে বলে গোপন সংবাদ পাওয়া যায়। ওই তথ্যের ভিত্তিতে আজ বেলা সোয়া একটার দিকে ফ্লাইটটি ঢাকায় অবতরণের পর তল্লাশি চালিয়ে সোনার বারগুলো উদ্ধার করা হয়। মঈনুল খান বলেন, উদ্ধার হওয়া ৩৬টি সোনার বারের ওজন প্রায় চার কেজি ২০০ গ্রাম। আনুমানিক মূল্য দুই কোটি দুই লাখ টাকা। আটক হওয়া যাত্রীকে বিমানবন্দর থানায় হস্তান্তর করা হয়েছে।




