বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এবং ভারতের বর্ডার সিকিউরিটি ফোর্সের (বিএসএফ) মধ্যে মহাপরিচালক পর্যায়ে সীমান্ত সমন্বয় সম্মেলন ভারতের রাজধানী নয়া দিল্লিতে শুরু হচ্ছে আজ বুধবার। চলবে আগামী সোমবার পর্যন্ত। বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল আজিজ আহমেদের নেতৃত্বে ২০ সদস্যের বাংলাদেশ প্রতিনিধিদল সম্মেলনে অংশ নিচ্ছে।
মঙ্গলবার বিজিবি সদর দপ্তর থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ প্রতিনিধিদলে বিজিবি মহাপরিচালক ছাড়াও রংপুর, যশোর, সরাইল ও চট্টগ্রাম রিজিয়নের কমান্ডার, বিজিবি সদর দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা, মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মহাপরিচালক, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয়, বাংলাদেশ-ভারত যৌথ নদী কমিশন এবং ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের সংশ্লিষ্ট কর্মকর্তারা প্রতিনিধিত্ব করবেন। অন্যদিকে বিএসএফ মহাপরিচালক শ্রী দেবেন্দ্র কুমার পাঠকের নেতৃত্বে ২২ সদস্যের ভারতীয় প্রতিনিধিদল সম্মেলনে অংশ নেবে।



