প্রধানমন্ত্রী শেখ হাসিনা যুক্তরাজ্যে তাঁর তিন দিনের সরকারি সফর শেষে বৃহস্পতিবার সকালে লন্ডন থেকে দেশে ফিরেছেন। বাংলাদেশের প্রধানমন্ত্রী ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন ও ইউনিসেফের নির্বাহী পরিচালক অ্যান্থনি লেকের আমন্ত্রণে প্রথমবারের মতো অনুষ্ঠিত গার্ল সামিটে যোগ দিতে যুক্তরাজ্য সফর করেন। গত মঙ্গলবার যুক্তরাজ্যের রাজধানী লন্ডনে অনুষ্ঠিত গার্ল সামিট-২০১৪-এ প্রধানমন্ত্রী ২০ সদস্যবিশিষ্ট উচ্চপর্যায়ের বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দেন।
প্রধানমন্ত্রী ও তাঁর সফরসঙ্গীদের বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ভিভিআইপি ফ্লাইট স্থানীয় সময় আজ সকাল নয়টা ১৭ মিনিটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। সফরকালে প্রধানমন্ত্রী ১০ নম্বর ডাউনিং স্ট্রিটে ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরনের সঙ্গে বৈঠক করেন। এতে দ্বিপক্ষীয় ও পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় স্থান পায়। বাসস




