সোমবার, অক্টোবর ২৬, ২০২৬
প্রচ্ছদজাতীয়ঢাকায় আসছেন মোদি, সই হবে তিস্তা চুক্তি

ঢাকায় আসছেন মোদি, সই হবে তিস্তা চুক্তি

ভারতের নতুন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রথম ঢাকা সফরেই তিস্তা চুক্তি স্বাক্ষরিত হতে পারে। সরকারপ্রধান হিসেবে তার প্রথম সফরটিও হতে পারে ঢাকায়। এ খবর দিয়েছে ভারতীয় সংবাদপত্র বিজনেস স্ট্যান্ডার্ড।

পত্রিকাটি বলেছে, এরই মধ্যে বিষয়টি নিয়ে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে কথা হয়েছে নরেন্দ্র মোদির। প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হওয়ার পর শেখ হাসিনা শুভেচ্ছা জানাতে মোদিকে টেলিফোন করলে তাদের মধ্যে দীর্ঘ সময় ধরে কথা হয়। তাতেই তিস্তা চুক্তি প্রসঙ্গ আসে।এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশকে ‘দ্বিতীয় হোম’ হিসেবে দেখতে মোদির প্রতি আহ্বান জানান।

ফোনালাপে তিস্তা পানি বণ্টন চুক্তির প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সুসম্পর্ক গড়ে তোলার ক্ষেত্রে তিস্তা পানি বণ্টন চুক্তি হতে পারে মোদির প্রথম পদক্ষেপ। এর আগে পশ্চিম বঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের বিরোধিতার কারণে কংগ্রেসের নেতৃত্বাধীন ইউপিএ সরকার কয়েকবার উদ্যোগ নিয়েও তিস্তা পানি বণ্টন চুক্তি করতে ব্যর্থ হয়। অবশ্য সংসদে মোদির ভারতীয় জনতা পার্টির (বিজেপি) নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা থাকলেও মমতা বন্দোপাধ্যায়কে রাজি করানো ছাড়া এই চুক্তি করতে পারবেন না মোদি। কূটনৈতিক সূত্রের বরাতে পত্রিকাটি আরও লিখেছে, নরেন্দ্র মোদি শেখ হাসিনাকে বলেছেন, দ্বি-পাক্ষিক সম্পর্ক জোরদার করতে তিনি অর্থপূর্ণ সুনির্দিষ্ট পদক্ষেপ নিতে চান।
আরও পড়ুন

সর্বশেষ