তিস্তার পানির ন্যায্য হিস্যা আদায়ে বিএনপি লড়াই করবে বলে উল্লেখ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, পানির ন্যায্য হিস্যা আদায়ে দুই দিক দিয়ে লড়াই করতে হবে। এক জনগণকে সঙ্গে নিয়ে রাজপথে এবং দুই আন্তর্জাতিক ফোরামে। ফখরুল বলেন, তিস্তাসহ ৫৪টি অভিন্ন নদীর পানি নিয়ে প্রতিবেশী দেশের সঙ্গে যে সমস্যা আছে তা আন্তর্জাতিক ফোরামে তুলে ধরতে হবে।
রোববার হোটেল পূর্বানীতে বিএনপি আয়োজিত ‘তিস্তা নদীর পানির বন্টন ও প্রেক্ষিত বাংলাদেশ’ শীর্ষক গোলটেবিল আলোচনা সভায় সভাপতির বক্তব্যে এসব কথা বলেন মির্জা ফখরুল।
ফখরুল বলেন, বর্তমান সরকার নতজানু সরকার। সরকার ক্ষমতায় এসে ভারতকে ট্রানজিট, চট্টগ্রাম বন্দর ব্যবহার করার চুক্তি ও রামপাল কয়লা বিদ্যুৎ প্রকল্পের মতো বেশকিছু দেশের স্বার্থবিরোধী চুক্তি করেছে। কিন্তু তিস্তা পানির ন্যায্য হিস্যা আদায়ে কোনো পদক্ষেপ নেয়নি সরকার। তিনি বলেন, এতে সরকারের কোনো সমস্যা নেই। কারণ সরকার যাদের তাবেদারি করে ক্ষমতায় টিকে আছে তাদের স্বার্থের জন্যই কাজ করছে।
মির্জা ফখরুল বলেন, বিএনপি জনগণের দল। তিস্তার পানির সঙ্গে উত্তরাঞ্চলের ৩ কোটি মানুষের জীবন-জীবিকা জড়িত। যখন বিএনপি তাদের জন্য আন্দোলন করছে তখন সরকারের মন্ত্রীরা কটাক্ষ করছেন। এ থেকে প্রমাণিত হয় সরকার তিস্তা সমস্যার সমাধান চায় না।




