মঙ্গলবার, অক্টোবর ২৭, ২০২৬
প্রচ্ছদআরো খবর......৯৮ উপজেলা নির্বাচনের প্রতীক বরাদ্দ, প্রচারণা শুরু

৯৮ উপজেলা নির্বাচনের প্রতীক বরাদ্দ, প্রচারণা শুরু

ষ্টাফ  রিপোর্টার  (বিডিসময়২৪ডটকম)

চর্তুথ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপে ঘোষিত তফসিল অনুযায়ী ৯৮টি উপজেলায় মঙ্গলবার সংশ্লিষ্ট এলাকার রিটার্নিং কর্মকর্তার অফিস থেকে প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেওয়া হচ্ছে। প্রতীক বরাদ্দের সঙ্গে সঙ্গে প্রাথীরা তাদের নির্বাচনী  প্রচারণা চালাতে পারবেন। মঙ্গলবার নির্বাচন কমিশন সচিবালয় থেকে এ তথ্য জানা গেছে।

কমিশন সূত্রে জানা যায়, উপজেলা পরিষদ নির্বাচনের জন্য কমিশন প্রাথমিকভাবে ৩০টি প্রতীক ব্যবহারের সিদ্ধান্ত নিলেও অনেক উপজেলায় প্রার্থীর সংখ্যা ১০ জনের বেশি হওয়ায় এতে আরও ২০টি নতুন প্রতীক যোগ করা হয়।

কমিশনের কর্মকর্তারা জানান, উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থীদের জন্য এখন ২০টি, পুরুষ ভাইস চেয়ারম্যান প্রার্থীদের জন্য ১৫টি এবং মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থীদের জন্য ১৫টি প্রতীক চূড়ান্ত করে কমিশন।

প্রতীক বরাদ্দের বিষয়ে স্থানীয় সরকার (উপজেলা পরিষদ) নির্বাচন বিধিমালায় বলা হয়েছে, ‘প্রার্থীদের জন্য নির্ধারিত প্রতীক থেকে পছন্দ মতো যেকোন একটি প্রতীক মনোনয়নপত্রে উল্লেখ করবেন। নির্বাচনী প্রতীক বরাদ্ধের ক্ষেত্রে, প্রার্থীদের মধ্যে দ্বন্দ্ব দেখা দিলে রিটার্নিং অফিসার যতদূর সম্ভব, প্রার্থীদের পছন্দের প্রতি লক্ষ্য রেখে প্রতীক বরাদ্ধ করবেন। প্রয়োজনে লটারির মাধ্যমে সিদ্ধান্ত নেবেন। এ বিষয়ে রিটার্নিং অফিসারের সিদ্ধান্তই চূড়ান্ত।’

‘বরাদ্দকৃত প্রতীক সংখ্যা অপেক্ষা প্রার্থী অধিক হলে কমিশন তালিকায় নতুন প্রতীক সংযোজন করতে পারবেন। রিটার্নিং অফিসার প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের নাম বাংলা বর্ণমালার ক্রমানুসারে সাজিয়ে তার বিপরীতে বরাদ্দকৃত প্রতীক সুষ্পষ্টভাবে উল্লেখ করবেন।’ উপজেলা চেয়ারম্যানের জন্য যে ১০টি অতিরিক্ত প্রতীক বরাদ্ধ দেওয়া হয়েছে সেগুলো হলো- একতারা, ময়ূর, বাঁশি, লাটিম, হাতী, স্টিলের আলমারি, ডাব, কেটলি, গ্লাস ও রেল ইঞ্জিন।

এছাড়া চেয়ারম্যান পদে প্রার্থীদের জন্য নির্ধারিত ১০টি প্রতীক হলো আনারস, কাপ-পিরিচ, চিংড়িমাছ, মোটরসাইকেল, ঘোড়া, টেলিফোন, দোয়াত-কলম, ব্যাটারি, হেলিকপ্টার ও ফেজটুপি।
পুরুষ ভাইস চেয়ারম্যান পদের জন্য যে ৫টি অতিরিক্ত প্রতীক বরাদ্দ দেওয়া হয় সেগুলো হলো- দাবা বোর্ড, পানপাতা, সিংহ, ক্রিকেট ব্যাট ও ঘুড়ি।
এছাড়া, ভাইস চেয়ারম্যান পদের জন্য নির্ধারিত ১০টি প্রতীক হলো- চশমা, টাইপরাইটার, তালা, টিউবওয়েল, মাইক, উড়োজাহাজ, টিয়াপাখি, জাহাজ, বই ও বৈদ্যুতিক বাতি।
মহিলা ভাইস চেয়ারম্যানের জন্য অতিরিক্ত বরাদ্দকৃত প্রতীকগুলো হলো- টিফিন ক্যারিয়ার, মুলা, ফ্ল্যাক্স, তবলা ও সুটকেস।
এছাড়া, মহিলা ভাইস চেয়ারম্যানের জন্য নির্ধারিত ১০টি প্রতীক হল প্রজাপতি, হাঁস, ফুটবল, ক্যামেরা, কলস, পদ্মফুল, ফুলের টব, বৈদ্যুতিক পাখা, তীর-ধনুক ও সেলাই মেশিন।
উপজেলা নির্বাচন ছয় ধাপে সম্পন্ন করার সিদ্ধান্ত নিয়েছে ইসি। এরইমধ্যে প্রথম দুই ধাপে তফসিল ঘোষণা করা হয়েছে। তফসিল অনুযায়ী প্রথম ধাপের ১০২টি উপজেলায় ভোট গ্রহণ হবে ১৯ ফেব্রুয়ারি, দ্বিতীয় ধাপে ১১৭টিতে ২৭ ফেব্রুয়ারি।
উপজেলা নির্বাচনের প্রথম ধাপে আগামী ১৯ ফেব্রুয়ারি ৪০টি জেলার ৯৮টি উপজেলায় চেয়ারম্যান, ভাইস-চেয়ারম্যান এবং মহিলা-ভাইস চেয়ারম্যান নির্বাচনে ভোট হবে।

ইসি সূত্র জানায়, প্রতিটি নির্বাচনী এলাকার জন্য একজন করে মোট ৯৮ নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ৩ ফেব্রুয়ারি থেকে ভোটগ্রহণের পরের দিন ২০ ফেব্রুয়ারি পর্যন্ত আইনশৃঙ্খলা রক্ষায় নিয়োজিত মোবাইল টিমের সঙ্গে দায়িত্ব পালন করবেন।

বাকি ২৯৪ ম্যাজিস্ট্রেট প্রতিটি নির্বাচনী এলাকার জন্য তিনজন করে ভোটের আগের দুই দিন, ভোটগ্রহণের দিন এবং তার পরের দিন অর্থাৎ ১৭ থেকে ২০ ফেব্রুয়ারি পর্যন্ত চার দিনের জন্য নিয়োজিত থাকবেন। এছাড়া তৃতীয় ধাপে ১৫ মার্চ ৭৪টি, চতুর্থ ধাপে ২৫ মার্চ ৭২টি, পঞ্চম ধাপে ৩১ মার্চ ৬৫ টি এবং ষষ্ঠ ধাপে ৩ মে ৫৭টি উপজেলায় ভোট গ্রহণের নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে ইসি সূত্র।

আরও পড়ুন

সর্বশেষ