চট্টগ্রামে স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগের পাশাপাশি এলাকাভিত্তিক সংঘবদ্ধ অপরাধীচক্রকেও বড় হুমকি হিসেবে চিহ্নিত করেছেন চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মো. মাসুদ আলম।
শনিবার (২৫ জুলাই) দুপুরে অস্ত্র উদ্ধার ও সন্ত্রাসী গ্রেপ্তারের বিষয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন। এর আগে শুক্রবার রাতে উপজেলার কেলিশহর ইউনিয়নের দুর্গম পাহাড়ি এলাকায় অভিযান চালিয়ে ৪টি আগ্নেয়াস্ত্র, ১১টি দেশীয় অস্ত্র ও কয়েকটি মোবাইল ফোন উদ্ধার এবং দুইজনকে আটক করা হয়।
এসময় এসপি মাসুদ আলম বলেন, শুধু নির্বাচনকে কেন্দ্র করেই নয়, বিভিন্ন এলাকায় সক্রিয় অপরাধীচক্র রয়েছে। এসব চক্রের বিরুদ্ধে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ধারাবাহিক অভিযান পরিচালিত হচ্ছে। তিনি আরও বলেন, আজ যে অস্ত্র উদ্ধার হয়েছে, সেটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। অস্ত্রগুলো কোথা থেকে এসেছে, কারা অর্থায়ন করেছে এবং কারা এর নেপথ্যে রয়েছে সবকিছুই তদন্তের আওতায় আনা হয়েছে।
সংবাদ সম্মেলনে উপস্থিত পুলিশের কর্মকর্তারা জানান, আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করে অস্ত্রের উৎস, সম্ভাব্য সহযোগী এবং অপরাধী নেটওয়ার্ক সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহের চেষ্টা চলছে। তদন্তে পাওয়া তথ্যের ভিত্তিতে আরও অভিযান পরিচালনা করা হবে। জননিরাপত্তা নিশ্চিত করতে অবৈধ অস্ত্র, সন্ত্রাস ও সংঘবদ্ধ অপরাধীচক্রের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতিতে অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তারা।




