প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভা চলছে।মঙ্গলবার (৯ জুন) সকালে বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে এ সভা শুরু হয়। প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেসসচিব জাহিদুল ইসলাম রনি সাংবাদিকদের এ তথ্য জানান।
সভায় বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের উন্নয়ন প্রকল্পের অনুমোদন, সংশোধন এবং অগ্রগতি পর্যালোচনা করা হচ্ছে বলে জানান তিনি।
জানা গেছে, সকাল ১০টা থেকে শুরু হওয়া একনেক সভায় নতুন ও সংশোধিত মিলিয়ে ১২টি প্রকল্প তোলা হবে। যেখানে সম্ভাব্য ব্যয় ধরা হয়েছে ৮ হাজার ১০৬ কোটি টাকা। অবকাঠামো উন্নয়ন, পানিসম্পদ ব্যবস্থাপনা, স্বাস্থ্য সেবা, তথ্য প্রযুক্তি, স্থানীয় সরকার, বিদ্যুৎ জ্বালানি, সামাজিক নিরাপত্তা খাতকে গুরুত্ব দিয়ে প্রকল্পগুলো প্রস্তুত করেছে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগ।
প্রধানমন্ত্রী তারেক রহমানের আসন্ন চীন সফরের আগেই প্রায় চার হাজার কোটি টাকা ব্যয়ে চট্টগ্রামের আনোয়ারায় ৮০০ একর জমিতে চীনা অর্থনৈতিক জোন স্থাপন প্রকল্প অনুমোদন অনুমোদন পেতে পারে এ সভায়।
এছাড়াও শিশু স্বাস্থ্য সুরক্ষা আরো শক্তিশালী করতে বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউট সম্প্রসারণ প্রকল্প-২ নামে নতুন প্রকল্প প্রস্তাব উঠছে একনেকে। প্রকল্পটি বাস্তবায়নে আগামী জুলাই থেকে ২০২৮ এর জুনের মধ্যে সময় ধরা হয়েছে এবং সম্ভাব্য ব্যয় নির্ধারিত হয়েছে ৩৪৪কোটি টাকা।
আনোয়ারা-বাঁশখালী-চকরিয়া আঞ্চলিক মহাসড়ক উন্নয়ন, সমন্বিত উপজেলা ভূমি কমপ্লেক্স নির্মাণ, বাংলাদেশ শিশু হাসপাতাল সম্প্রসারণসহ আরও কয়েকটি বড় প্রকল্পও অনুমোদনের জন্য একনেকে উপস্থাপন করা হচ্ছে।
সভায় সংশ্লিষ্ট মন্ত্রী, প্রতিমন্ত্রী, সচিব এবং ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত রয়েছেন।




